রবিউল গ্রেপ্তার, হত্যার কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরে গত বৃহস্পতিবার মা-মেয়েকে হত্যার ঘটনায় সন্দেহভাজন রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কুমিল্লার লাকসাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, পুলিশের একটি বিশেষ দল লাকসাম উপজেলার পশ্চিমগাঁও মিঞাপাড়ায় খালাশাশুড়ির বাড়ি থেকে রবিউলকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে কিশোরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে রবিউল হত্যার কথা স্বীকার করেছেন।ওসি মোশাররফ হোসেন আরও জানান, রবিউলের কাছ থেকে ২৭ হাজার ৭০০ টাকা, নিহত গৃহবধূ সালমা আক্তারের গলার একটি স্বর্ণের চেইন ও কানের দুল উদ্ধার করা হয়। রবিউলের বাড়ি লাকসাম উপজেলায়। তিনি বেশ কয়েক মাস আগে কিশোরগঞ্জে এসে শহরের গাইটাল বস্তির একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। রবিউল ভাঙ্গারি ব্যবসার পাশাপাশি নিহত গৃহবধূর স্বামী আসাদুজ্জামানের দোকানের বিভিন্ন কাজে সাহায্য করতেন। তা ছাড়া আসাদুজ্জামানের পরিবারে ফরমায়েশ কাজ করে দিতেন। সে সুবাদে তাঁর বাসায় রবিউলের যাতায়াত ছিল।কিশোরগঞ্জ থানায় রবিউল সাংবাদিকদের জানান, ব্যবসার জন্য তাঁর টাকার দরকার ছিল। এ জন্য ওই দিন আসাদুজ্জামানের বাসায় গিয়ে তাঁর স্ত্রী সালমা আক্তারের কাছে টাকা চান। টাকা না দেওয়ায় তিনি সালমা আক্তারকে রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন। এ সময় তিন বছরের মেয়ে সাবাহ মাকে জাপটে ধরলে রডের আঘাতে সে-ও মারা যায়। এরপর তিনি টাকাপয়সা নিয়ে পালিয়ে যান।বৃহস্পতিবার দুপুরে শহরের পুরোনো কোর্টের পেছনে শ্রীনগর এলাকার বাসায় খুন হন ব্যবসায়ী আসাদুজ্জামানের স্ত্রী সালমা আক্তার (৩০) ও মেয়ে সাবাহ (৩)। এ ঘটনায় ওই দিনই আসাদুজ্জামান কিশোরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।