শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গত শুক্রবার দিনাজপুরের রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে রবিউল আউয়ালকে সভাপতি ও আবু সায়েদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ও ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দিনাজপুর শাখা সূত্রে জানা গেছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। শোভাযাত্রা শেষে দিনাজপুর নাট্য সমিতি হলরুমে সম্মেলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক, মিলন ভট্টাচার্য্য, পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নীলোৎপল সাধ্য, দিনাজপুর শাখার সভাপতি আজাদী হাই, নাট্যজন কাজী বোরহান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দিনাজপুর শাখার সহসভাপতি রবিউল আউয়াল, শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শাখার সহসভাপতি আহাদ আলী, ভৈরবী রহমতুল্লাহ, আজকের থিয়েটারের তারিকজ্জামান তারেক, উদীচীর জলিল আহাম্মেদ, নাট্য সমিতির সহসভাপতি শহিদুল ইসলাম, জেলা মহিলা পরিষদের মারুফা বেগম, জেলা কালচারাল কর্মকর্তা আসফ-উদ-দৌলা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান কামাল। পরে দুপুরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে উপস্থিত সদস্যরা ওই নতুন কমিটি গঠন করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।