রবিউল হত্যার একমাত্র আসামির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় মাছ চুরির অভিযোগে ১১ বছরের শিশু রবিউলকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার একমাত্র আসামি মিরাজ হোসেনকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু তাহের বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে মিরাজকে ৩০২ ধারায় (হত্যা) মৃত্যুদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা এবং ২০১ ধারায় (লাশ গুম) আরও সাত বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে রবিউলের পরিবারকে দেওয়ার আদেশ দেন বিচারক।

রায় ঘোষণার সময় আসামি মিরাজ কাঠগড়ায় নির্বাক দাঁড়িয়ে ছিলেন। পরে কারাগারে নেওয়ার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান বাহাদুর বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি।’ তবে আসামিপক্ষের আইনজীবী আবদুল রহমান বলেন, এই মামলায় ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আসামি মিরাজ যে রবিউলকে হত্যা করেছেন, তার প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নেই। তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।

গত ১৯ মে বিচারক এ মামলার যুক্তিতর্ক শেষে ২৬ মে রায়ের জন্য দিন ধার্য করেছিলেন। পরে তা পিছিয়ে গতকাল পুনর্নির্ধারণ করা হয়।

রবিউলের বাবা দুলাল মৃধা ও মা মোর্শেদা বেগম রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর দুলাল মৃধা বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। দ্রুত এই রায় কার্যকর করার দাবি জানাই।’ রবিউলের মা কাঁদছিলেন।

গত বছরের ৩ আগস্ট রাতে মাছ চুরির অভিযোগে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের শিশু রবিউলকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন লকরার খাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। রবিউল চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় ৫ আগস্ট রবিউলের বাবা থানায় মিরাজসহ চারজনকে আসামি করে মামলা করেন। মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মিরাজকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ।