রবিদাস জনগোষ্ঠীর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিদাস জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গেজেটে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ মৌলভীবাজার জেলা শাখা (বিআরডিসি)। গতকাল বুধবার দুপুরে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে এই মানববন্ধন হয়েছে। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি রানু রবিদাস। বক্তব্য দেন বিআরডিসির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহন রবিদাস, কমিটির সদস্য ময়না রবিদাস, সাধন রবিদাস, সুনীল রবিদাস প্রমুখ। বক্তারা বলেন, নিজস্ব ভাষা, সংস্কৃতি, প্রথা ও প্রাচীন সমাজব্যবস্থার ক্ষুদ্র জনগোষ্ঠী রবিদাস সম্প্রদায়কে সরকারের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গেজেটে অন্তর্ভুক্ত করতে হবে। গেজেটে অন্তর্ভুক্ত করা ছাড়া এই জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে না।