রবিদাস সম্প্রদায়ের মানববন্ধন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে সরকারি গেজেটে রবিদাস সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার দাবিতে গতকাল শুক্রবার বেলা ১১টায় রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি রঘুনাথ রবিদাস। মানববন্ধন কর্মসূচি থেকে রবিদাস সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সরকারি গেজেটে অবিলম্বে তাদের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে রাজশাহী সদর আসনের সাংসদ ও সংসদীয় ককাসের সভাপ্রধান ফজলে হোসেন বাদশা বলেন, ‘রবিদাসরা আমাদের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছে, তাদের নিজস্ব সংস্কৃতি ও ভাষা আছে। তারা তাদের স্বীকৃতির জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে। সংসদে রবিদাসদের কথা কয়েকবার তুলে ধরেছি, আমি তাদের যেকোনো সংগ্রামের সঙ্গে আছি এবং তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার লড়াইয়ে সব সময় থাকব।’
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, ‘আদিবাসীদের সংগ্রামে সব সময় রবিদাসরা আদিবাসী হিসেবে লড়াই করে আসছে। জাতীয় আদিবাসী পরিষদ রবিদাসদের আদিবাসী হিসেবে সব সময় পাশে পেয়েছি। তাই আদিবাসী হিসেবে রবিদাস সম্প্রদায়কে সরকারি গেজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি।’
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি রাজশাহী জেলার আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা প্রমুখ।