রবিদাসদের ক্ষুদ্র জাতিসত্তার তালিকায় অন্তর্ভুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০-এর তফসিল থেকে বাদ পড়া রবিদাস জাতিগোষ্ঠীকে সংশোধিত তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ (বিআরডিসি)।
গতকাল শনিবার বিআরডিসির আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
কর্মসূচি থেকে বক্তারা বলেন, ২০১০ সালে চূড়ান্ত হওয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০-এর তালিকায় রবিদাস জাতিগোষ্ঠীকে রাখা হয়নি। পরবর্তী সময়ে বাদ পড়া ক্ষুদ্র জাতিসত্তাগুলোকে তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সরকার আইনটি সংশোধন করার উদ্যোগ নেয়। তবে সর্বশেষ খসড়া তালিকাতেও রবিদাস জাতিগোষ্ঠীকে রাখা হয়নি। অথচ আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস, সারা দেশের জেলা প্রশাসকদের প্রেরিত ক্ষুদ্র জাতিসত্তার তালিকা ও সনদ, এশিয়াটিক সোসাইটির গবেষণা থেকে প্রাপ্ত তথ্য, শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সেল কর্তৃক প্রকাশিত গবেষণাপত্রসহ বিভিন্ন আদিবাসী সংগঠন রবিদাসদের ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে গণ্য করেছে। এ অবস্থায় বক্তারা আজ রোববার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভায় রবিদাস জাতিগোষ্ঠীকে ক্ষুদ্র জাতিসত্তার চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করেন।