রবিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কে কে এস শিশু বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র রবিন হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
গতকাল মঙ্গলবার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানালঘাট এলাকায় বেলা ১১টায় কে কে এস শিশু বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের কয়েক শ ছাত্রছাত্রী এবং স্থানীয় বেসরকারি সংস্থা মুক্তি মহিলা সমিতির কর্মকর্তা ও সদস্যরা মানববন্ধন করেন। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী সংহতি প্রকাশ করেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান উদ্দিন আহমেদ, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম, কে কে এস শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরী রানী বাড়ৈ প্রমুখ।
গত বছরের ১৪ নভেম্বর স্কুলছাত্র রবিনকে তারই চাচাতো ভাই দৌলতদিয়া ইমানখার পাড়ার কাসেম খাঁর ছেলে ইলিয়াস হোসেন খান (১৯) ও তাঁর বন্ধু স্থানীয় আলাউদ্দিনের ছেলে আলিম উদ্দিনসহ (১৮) কয়েকজন মিলে অপহরণ করেন। অপহরণের পর রবিন তাঁদের চিনে ফেলে। বিষয়টি জানাজানি হবে—এ আশঙ্কায় ওই রাতেই ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নে পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরের কাশবনে নিয়ে রবিনকে গলা কেটে হত্যা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়ালন্দঘাট থানার এসআই ফিরোজ আহামেঞ্চদ জানান, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।