রবিশস্যের মৌসুমে সারের কৃত্রিম সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোপা আমন ধান কাটার পরই আলু ও সরিষা চাষের ধুম পড়েছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। রবিশস্য আবাদের কারণে সারের চাহিদা বেড়েছে। আর এই সুযোগে সারের ডিলাররা বিভিন্ন জাতের সারের কৃত্রিম সংকট তৈরি করে প্রতি বস্তায় ২০০ টাকা থেকে ৩০০ টাকা করে বেশি নিচ্ছেন বলে অভিযোগ করেছেন কৃষকেরা। তবে ডিলাররা দাবি করেছেন, হরতালের কারণে সারের পর্যাপ্ত মজুত না থাকায় এই সংকট তৈরি হয়েছে।
কৃষকদের অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান বলেন, ‘দুই দিন ধরে বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা উপজেলা কার্যালয়ে এসে সারের দাম বেশি নেওয়ার অভিযোগ করছেন। আমরা তাৎক্ষণিকভাবে উপজেলার সব ডিলারদের ডেকে সারের দাম বেশি না নেওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছি।’
চামরুল ইউনিয়নের আটগ্রামের কৃষক খোরশেদ আলী, মোস্তফাপুর গ্রামের আবদুল বারী, কোলগ্রামের জসিম উদ্দিনসহ বেশ কয়েকজন কৃষক অভিযোগ করেন, এক সপ্তাহ ধরে তাঁরা ড্যাপ (ডাই অ্যামোনিয়াম ফসফেট) আমেরিকান সারের প্রতি বস্তা এক হাজার ৬৭৫ থেকে এক হাজার ৭০০ টাকা, পটাশ ৭৯০ টাকা, টিএসপি এক হাজার ২০০ ও ইউরিয়া ৯৯০ টাকায় কিনছেন। পর্যাপ্ত সার রেখেও ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এবার উপজেলায় ছয় হাজার ৮০০ হেক্টর আলু, চার হাজার ৭০০ হেক্টর সরিষা, ২৫০ হেক্টর শাক-সবজি চাষাবাদ করার জন্য কৃষকেরা জমি তৈরি করছেন। রোপা আমন ধানের শুরুতে খরার কারণে সেচের মাধ্যমে ধান লাগান কৃষকেরা। আমন চাষে খরচ বেশি পড়ায় প্রথমদিকে কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়। কিন্তু পরে সময়মতো বৃষ্টি হওয়ায় আমন ধানের ভালো ফলন ও দাম পান। এবার আলু ও সরিষা চাষে ঝুঁকে পড়েছেন তাঁরা।
উপজেলার ছয়টি ইউনিয়নে বিসিআইসির ১১ জন এবং বিএডিসির ১৯ জন ডিলার রয়েছেন। এ ছাড়া ৬৫ জন খুচরা সার বিক্রেতাও রয়েছেন। সরকারিভাবে ড্যাপ (আমেরিকান) প্রতি বস্তা এক হাজার ৩৫০ টাকা, পটাশ ৭৫০ টাকা, ইউরিয়া ৮০০ টাকা ও টিএসপি এক হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
দুপচাঁচিয়া সদরের আক্কেলপুর সড়কে অবস্থিত মেসার্স সোনালি এন্টারপ্রাইজের ডিলার তৈয়বর আলী বলেন, ‘আমার ইউনিয়নে সারের দাম বেশি নেওয়ার অভিযোগ নেই। তবে হরতালের কারণে সারের আমদানি না থাকায় এবং সময়মতো সার পাওয়া যাবে না এমন আশঙ্কায় কৃষকেরা দোকানে ভিড় করছেন। এই সুযোগে কোনো কোনো ডিলার দাম বেশি নিতে পারেন।’
চামরুল ইউনিয়নের মেসার্স অনিক ইন্টারন্যাশনালের মালিক উৎপল সাহা বলেন, ‘সারের দাম বেশি নেওয়ার কোনো অভিযোগ কৃষকেরা করতে পারবেন না। হয়তো আমাদের কাছ থেকে সার নিয়ে সাব-ডিলার বা কোনো দোকানি বেশি নিয়ে থাকতে পারেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা তাহেরুল ইসলাম বলেন, ‘হরতালের কারণে দু-একজন ডিলার সুযোগ নিয়েছিলেন। আমরা খবর পেয়েই বিভিন্ন ডিলারদের সতর্ক করে দিয়েছি। উপজেলায় প্রত্যেক ডিলারের কাছে পর্যাপ্ত সার বিতরণ করা হয়েছে।’