রবীন্দ্র উৎসবের উদ্বোধন করলেন সন্জীদা খাতুন
বিশিষ্ট রবীন্দ্র-গবেষক, শিক্ষাবিদ সন্জীদা খাতুন বলেছেন, ‘জীবনপথে সত্যকে বহন করে নিয়ে যেতে রবীন্দ্রনাথ আমাদের শক্তি জোগায়। ২০১২ সাল রবীন্দ্রনাথের গীতাঞ্জলির শতবর্ষ পূর্ণ হবে।’ রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী সামনে রেখে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল শুক্রবার থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু হয়েছে। গতকাল বিকেলে শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনকালে সন্জীদা খাতুন এসব কথা বলেন। ‘যুক্ত করো হে সবার সঙ্গে—মুক্ত করো হে বন্ধ’ স্লোগান নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সার্ধশততম রবীন্দ্রজয়ন্তী পরিষদের আহ্বায়ক রথীন চক্রবর্তী, সমন্বয়কারী রফিউর রাব্বি, সদস্যসচিব ভবানী শংকর রায়। তিন দিনব্যাপী উৎসবে রয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সংগঠনের পরিবেশনায় রবীন্দ্রনাথের গান, কবিতা আবৃত্তি, নৃত্য, রবীন্দ্রমেলা ও প্রদর্শনী। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় রয়েছে ছায়ানটের পরিবেশনা।