রবীন্দ্র কাছারিবাড়ির পাশে নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ির পাশ ঘেঁষে চলমান নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শাহজাদপুর ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বিবাদীদের বলা হয়েছে।
‘নিষেধ অমান্য করে রবীন্দ্র কাছারিবাড়ি ঘেঁষে উঠছে ভবন’ শিরোনামে ৫ আগস্ট প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে কাছারিবাড়ির প্রত্নতাত্ত্বিক সৌন্দর্য রক্ষায় নির্দেশনা চেয়ে ৭ আগস্ট মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী রিটটি করেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। রুলে কাছারিবাড়ির সৌন্দর্য রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে কাছারিবাড়ি-সংলগ্ন বেআইনি স্থাপনা অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
মনজিল মোরসেদ বলেন, কাছারিবাড়ির পাশে যেকোনো ধরনের নির্মাণ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।