রবীন্দ্র কাছারিবাড়ির পাশে স্থাপনার নির্মাণকাজ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ির অদূরে নির্মাণাধীন পাঁচতলা ভবন। ছবি: প্রথম আলো
শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ির অদূরে নির্মাণাধীন পাঁচতলা ভবন। ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথের কাছারিবাড়ির পাশে গড়ে ওঠা স্থাপনা নির্মাণকাজ বন্ধ করতে ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার রবীন্দ্রনাথের কাছারিবাড়ির প্রত্নতাত্ত্বিক সৌন্দর্য রক্ষার নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী রিট করেন। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।


রুলে রবীন্দ্রনাথের কাছারিবাড়ি রক্ষার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না এবং পাশে গড়ে ওঠা স্থাপনা অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।


রিট আবেদনে সংস্কৃতিসচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, সিরাজগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ১১ বিবাদী করা হয়েছে।


মনজিল মোরসেদ গত বৃহস্পতিবার বলেছিলেন, ২০০৯ সাল থেকে ওই ভবন নির্মাণ বন্ধ করার জন্য প্রশাসন নোটিশ দিয়ে আসছে। কিন্তু কাছারিবাড়ির ১০ ফুটের মধ্যে ইতিমধ্যে বেসরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান পঞ্চম তলা পর্যন্ত ভবন নির্মাণ করেছে। রিট আবেদনে ওই স্থাপনা অপসারণের নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিট আবেদনকারীর যুক্তি, প্রত্নতত্ত্ব আইন ১৯৬৮-এর ১২ ও ১৩ ধারা অনুসারে প্রত্নতাত্ত্বিক স্থাপনার ঐতিহ্য ও সৌন্দর্য রক্ষার জন্য এর আশপাশে এমন কোনো স্থাপনা করা যাবে না, যাতে এর সৌন্দর্য নষ্ট হয়। সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুসারে, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের দায়িত্ব সরকারের। আইন অনুসারে এটি একটি গ্যাজেটকৃত ঐতিহাসিক স্থাপনা।