রবীন্দ্র কাছারিবাড়ির সৌন্দর্য রক্ষা চেয়ে রিট
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথের কাছারিবাড়ির প্রত্নতাত্ত্বিক সৌন্দর্য রক্ষায় নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী গতকাল বৃহস্পতিবার আবেদনটি করেন। আগামী রোববার এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী মনজিল মোরসেদ।
‘নিষেধ অমান্য করে রবীন্দ্র কাছারিবাড়ি ঘেঁষে উঠছে ভবন’ শিরোনামে প্রথম আলোয় ৫ আগস্ট প্রকাশিত প্রতিবেদনটি রিটে যুক্ত করা হয়েছে। এতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে কাছারিবাড়ি-সংলগ্ন সব ধরনের বেআইনি স্থাপনা অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল বিচারাধীন অবস্থায় কাছারিবাড়ি-সংলগ্ন চলমান নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া কাছারিবাড়ির কাছে যেকোনো ধরনের নির্মাণ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার প্রার্থনা রয়েছে। সংস্কৃতিসচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ রিটে ১১ জন বিবাদী।
পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ২০০৯ সাল থেকে ওই ভবন নির্মাণ বন্ধ করার জন্য প্রশাসন নোটিশ দিয়ে আসছে। কিন্তু কাছারিবাড়ির ১০ ফুটের মধ্যে পঞ্চম তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে।