রবীন্দ্র কাছারিবাড়ির সৌন্দর্য রক্ষার নির্দেশনা চেয়ে রিট

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথের কাছারিবাড়ির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক সৌন্দর্য রক্ষার নির্দেশনা চেয়ে রিট হয়েছে। এতে কাছারিবাড়ির পাশে গড়ে ওঠা স্থাপনা অপসারণের নির্দেশনাও চাওয়া হয়েছে।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
আগামী রোববার আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী মনজিল মোরসেদ।
গত ৫ আগস্ট ‘নিষেধ অমান্য করে রবীন্দ্র কাছারিবাড়ি ঘেঁষে উঠছে ভবন’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। রিট আবেদনে প্রতিবেদনটি যুক্ত করা হয়েছে।
মনজিল মোরসেদ জানান, ২০০৯ সাল থেকে ওই ভবন নির্মাণ বন্ধ করার জন্য প্রশাসন নোটিশ দিয়ে আসছে। কিন্তু কাছারিবাড়ির ১০ ফুটের মধ্যে ইতিমধ্যে বেসরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান পঞ্চম তলা পর্যন্ত ভবন নির্মাণ করেছে। রিট আবেদনে ওই স্থাপনা অপসারণের নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিট আবেদনকারীর যুক্তি, প্রত্নতত্ত্ব আইন ১৯৬৮-এর ১২ ও ১৩ ধারা অনুসারে প্রত্নতাত্ত্বিক স্থাপনার ঐতিহ্য ও সৌন্দর্য রক্ষার জন্য এর আশপাশে এমন কোনো স্থাপনা করা যাবে না, যাতে এর সৌন্দর্য নষ্ট হয়। সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুসারে, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের দায়িত্ব সরকারের। আইন অনুসারে এটি একটি গ্যাজেটকৃত ঐতিহাসিক স্থাপনা।
রিট আবেদনে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে কাছারিবাড়ি-সংলগ্ন সব ধরনের বেআইনি স্থাপনা অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল বিচারাধীন থাকা অবস্থায় কাছারিবাড়ি-সংলগ্ন চলমান নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।
এ ছাড়া কাছারিবাড়ির কাছে যেকোনো ধরনের নির্মাণ কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার আরজি জানানো হয়েছে এতে। আবেদনে সংস্কৃতিসচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, সিরাজগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ১১ বিবাদী করা হয়েছে।