রবীন্দ্র জন্মজয়ন্তীর নানা অনুষ্ঠান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও ডিসি হিল প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বাংলা বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদ: শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মজয়ন্তী অনুষ্ঠানের শেষ দিনে গতকাল শুক্রবার সেমিনার, সংগীতানুষ্ঠান, রবীন্দ্ররচনা থেকে পাঠ ও নৃত্যনাট্যের আয়োজন ছিল। সকালে ‘রবীন্দ্র সাহিত্যে নারী’ বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ পড়েন বিশ্বভারতীর অধ্যাপক সুতপা ভট্টাচার্য। প্রধান আলোচক ছিলেন হায়াত মামুদ। অনুপম সেনের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন মাহবুবুল হক ও ফেরদৌস আরা আলীম। অনুষ্ঠান পরিচালনা করেন মাইনুল ইসলাম।রবীন্দ্রসংগীত পরিবেশন করেন মিতা হক, বুলবুল ইসলাম, অরূপ বিশ্বাস, রুমঝুম বিজয়া রিছিল, দীপঞ্জন মুখার্জি, অগ্নিভ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রবীন্দ্ররচনা থেকে পড়েন লায়লা আফরোজ ও রবি শংকর মৈত্রী। পরে ‘ওহে সুন্দর’ নৃত্যনাট্য পরিবেশিত হয়। চট্টল ইয়ুথ কয়ার: গতকাল সন্ধ্যায় নগরের ডিসি হিল প্রাঙ্গণে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসবের উদ্বোধন করেন অনুপম সেন। উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন অরুন দাশগুপ্ত, জিন বোধি ভিক্ষু, শিশির বড়ুয়া প্রমুখ। পরে ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের সৌজন্যে ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রামাণ্যচিত্র পরিবেশিত হয়। আজকের কর্মসূচিতে রয়েছে ছোটদের রবীন্দ্রসংগীতানুষ্ঠান, আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী। আলিয়ঁস ফ্রঁসেজ: আজ শনিবার সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে পরিবেশিত হবে ‘রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় রাগ’ শিরোনামে বাঁশি বাদন অনুষ্ঠান। এতে বাঁশি বাজিয়ে শোনাবেন ওস্তাদ আজিজুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত বছরব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে ৩ মে মঙ্গলবার।ডি স্প্রাখে: নগরের জামাল খানে জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ‘ডি স্প্রাখে’ ভবনে শুরু হয়েছে জার্মান আলোকচিত্রী স্টিফেন র্যাবোল্ডের আট দিনব্যাপী চিত্র প্রদর্শনী ‘আ ড্রিম অব ভেনিস’। বুধবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী শুরু হয়েছে ৩ মে। এটি চলবে ১০ মে পর্যন্ত।