রবীন্দ্র, নজরুল ও সুকান্তকে স্মরণ
রবীন্দ্র-নজরুল-সুকান্তকে স্মরণ করল রংপুর উদীচী। বাংলা সাহিত্যের তিন অগ্রযাত্রী বরেণ্য সাহিত্যিকের স্মরণসন্ধ্যা উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় টাউন হলে আলোচনা, সংগীত, আবৃত্তি ও নৃত্যের পরিবেশনা ছিল।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রংপুর জেলা সংসদের আয়োজনে অনুষ্ঠান উদ্যাপন পর্ষদের আহ্বায়ক রণজিৎ বণিকের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র-গবেষক অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ণ চন্দ্র বর্মা। আলোচক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রিষিণ পরিমল ও সংগঠনের সাধারণ সম্পাদক শাশ্বত ভট্টাচার্য।
সংগীত পরিবেশন করেন সাধন সরকার, রুমানা ইসলাম, সুমন সরকার, মাইসা মালিহা, স্বপন পাল, শিমু মোহন্ত। একক কবিতা আবৃত্তি করেন আরিয়ান ও শাফিন। নৃত্য পরিবেশন করে ছন্দে আনন্দে নৃত্য নিকেতন ও রিনিঝিনি নৃত্য নিকেতন সংগঠনের শিল্পীরা। এ ছাড়া বৃন্দ আবৃত্তি ও কোরাস সংগীত পরিবেশনা এবং কাজী নজরুল ইসলামের ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়।