রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতা, গান ও কথামালার মধ্য দিয়ে ২৪ জুন সন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বন্ধুসভার পক্ষ থেকে উদ্যাপন করা হলো রবীন্দ্র-নজরুলজয়ন্তী।
সঞ্জয় বিশ্বাস ও নাসরিন আক্তারের সঞ্চালনায় শুরু হওয়া এ আয়োজনে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম রচিত গান ও কবিতার পরিবেশনা। গানের সঙ্গে সঙ্গে চলেছে নাচও।
শুরুতেই সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি’ শিরোনামের গানের সমবেত পরিবেশনা। প্রেরণা ছড়ানো এ গানের সঙ্গে মঙ্গলপ্রদীপ হাতে নিয়ে প্রিয়াংকা বড়ুয়ার নাচ যোগ করেছিল ভিন্ন আবহ। সায়মা আক্তার পরিবেশন করেন ‘একটুকু ছোঁয়া লাগে’ শিরোনামের গানটি। ‘যে ছিল আমার স্বপনচারিণী’ গানটি গেয়ে শোনান শুভজিৎ চক্রবর্তী। শাখেরা শিমু পরিবেশন করেন ‘তোমার খোলা হাওয়া’ শিরোনামের গানটি।
এরপর কথামালা নিয়ে মঞ্চে আসেন অধ্যক্ষ আনোয়ারা আলম। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম এখনো আমাদের জন্য প্রাসঙ্গিক। তাঁদের রচনা আজও আমাদের প্রেরণা জোগায়।’ এরপর নাজিফা তাজনু নজরুলের ‘খাঁদু দাদু’ শিরোনামের কবিতা আবৃত্তি করে শোনান। ছিল ‘পার্থ সারথী’ শিরোনামের গানের সঙ্গে দলীয় নাচ পরিবেশনা। নাচ পরিবেশন করেন সেঁজুতি গুপ্তা, তানজিলা বিনতে শওকত ও পূজা ভৌমিক।
‘যদি আর বাঁশি না বাজে’ শিরোনামে আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন ফাহিম উদ্দিন ও সুলতানা । এরপর ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ শিরোনামের গান গেয়ে সবাইকে মাতিয়ে তোলেন উৎপল মল্লিক। রবীন্দ্র রচনাবলি থেকে পাঠ করেন মিনহাজ হোসাইন। এরপর ‘মনে পড়ে আজ’ শিরোনামের গান গেয়ে শোনান মৌমিতা বড়ুয়া। আয়োজনের শেষ দিকে ছিল যৌথ গান, নাচ ও কবিতার পরিবেশনা। ‘কারার ওই লৌহ কপাট’ শিরোনামের সমবেত পরিবেশনার মাধ্যমে শেষ হয় এ আয়োজন।