রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে শিলাইদহেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, শান্তিনিকেতনের আদলে শিলাইদহেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে গতকাল রোববার তিনি এ কথা বলেন।কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে দ্বিতীয় ও শেষ দিনের আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে কবিগুরুর স্মৃতিচারণা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরোয়ার মুর্শেদ।প্রমোদ মানকিন বলেন, প্রধানমন্ত্রী শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এ সময় গত শনিবার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি (সংস্কৃতি প্রতিমন্ত্রী) শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জায়গা দেখতে এসেছেন। জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংসদ আফাজ উদ্দীন আহমেদ, পুলিশ সুপার শাহাবুদ্দিন খান, খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দীন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী প্রমুখ বক্তব্য দেন।এদিকে শিলাইদহের কুঠিবাড়ির অঙিনার গ্রামীণ মেলা বেশ জমে উঠেছে। আয়োজকেরা জানিয়েছেন, রবীন্দ্রভক্তদের কারণে এবার দুই দিনের মূল অনুষ্ঠান শেষ হলেও মেলা আরও তিন দিন চলবে।