রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আজ ২৫ বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন। খবর বাসসের।
এ ছাড়া প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ জেলায় নির্মিত পাসপোর্ট অফিস, মেরিন একাডেমি, শেখ রাসেল পার্ক, জেলা রেজিস্ট্রি অফিস ও সম্প্রসারিত ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্টের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহজাদপুরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন নতুন রূপে সেজেছে শাহজাদপুর। প্রধানমন্ত্রীর রবীন্দ্র কাছারিবাড়ি পরিদর্শনের কথা রয়েছে।
শাহজাদপুরের সংসদ সদস্য হাসিবুর রহমান বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর শাহজাদপুরে আগমনকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে।’ শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ির দায়িত্বে নিয়োজিত প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা কাস্টোডিয়ান হালিমা আফরোজ জানান, প্রধানমন্ত্রীর কাছারিবাড়ি পরিদর্শনে আসার কথা রয়েছে। সে জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে আগমন উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’