রবীন্দ্র-স্মৃতি পুরস্কার পেলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকীতে ভারতের দি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্লানিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআইপিএম) ঘোষিত রবীন্দ্র-স্মৃতি পুরস্কার লাভ করেছেন। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রসংগীতশিল্পী সূচিত্রা মিত্র ও তুষার কাঞ্জিলালকেও এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।গতকাল রোববার সন্ধ্যায় কলকাতার সল্টলেকের আইআইপিএম মিলনায়তনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। সেলিনা হোসেনের হাতে পুরস্কার তুলে দেন সাহিত্যিক সুরজিৎ দাস গুপ্ত। পুরস্কারের মধ্যে রয়েছে একটি স্বর্ণপদক ও এক লাখ রুপি। গতকালের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সৌমিত্র চট্টোপাধ্যায়। আর সকালে সূচিত্রা মিত্রকে তাঁর বাসভবনে গিয়ে পুরস্কার দেওয়া হয়।আইআইপিএমের কর্মকর্তা মলয় চৌধুরী বলেন, কবিগুরুর চিন্তা, চেতনা ও আদর্শ কীভাবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে প্রেরণা জুগিয়েছে, সেলিনা হোসেনের গায়ত্রী সন্ধ্যা উপন্যাসে তা-ই তুলে ধরা হয়েছে।সেলিনা হোসেন বলেন, কবিগুরুর নামাঙ্কিত পুরস্কার পেয়ে আমি গর্বিত। এ পুরস্কার আমাকে অনুপ্রেরণা জোগাবে।