নারায়ণগঞ্জে শহীদ মিনারে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি বাংলাদেশ থেকে রবীন্দ্রনাথ ও শহীদ মিনারকে মুছে ফেলার ষড়যন্ত্রের অংশ এবং মহাবিপজ্জনক ইঙ্গিত। কিন্তু দুঃখজনকভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদারেরা এই ‘হেফাজতীকরণ’ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।
গতকাল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গত বুধবার চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে উন্মেষ সাংস্কৃতিক সংসদের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমানের নেতৃত্বে হামলা হয়। এতে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এ সময় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বিকে শহীদ মিনারে অবাঞ্ছিত ও তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়।
সমাবেশে উদীচীর কেন্দ্রীয় সভাপতি শফি উদ্দিন আহমেদ বলেন, পাঠ্যবই থেকে শুরু করে সবকিছু থেকে রবীন্দ্রনাথকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। এ ধরনের ঘটনা আর সহ্য করা যাচ্ছে না। ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ১৬ কোটি মানুষকে রক্ষার সাংবিধানিক দায়িত্ব সরকারের, কোনো একটি বিশেষ পরিবারের নয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রবীন্দ্রজয়ন্তী ও শহীদ মিনারে হামলার ঘটনা মহাবিপজ্জনক ইঙ্গিত বহন করে। এগুলো বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে হামলা।
রফিউর রাব্বি বলেন, ‘নারায়ণগঞ্জে দুর্বৃত্ত, সন্ত্রাসী ও বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছি। কিন্তু ত্বকী হত্যার পর থেকে এটি ভিন্ন মাত্রা পেয়েছে। খুনিদের চেহারা উন্মোচিত হয়ে গেছে। তাই তারা আমাদের আন্দোলনের মূল শক্তিগুলোর ওপর হামলা করছে।’ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, মানবাধিকারকর্মী খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।