রবীন্দ্রনাথ আমাদের পথপ্রদর্শক। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সাহিত্যকে জানার জন্য রবীন্দ্রনাথের কাছে যেতেই হবে। তিনি আমাদের জাতীয় সংগীতের রচয়িতা। তাঁর গান মুক্তিযুদ্ধে আমাদের প্রেরণা জুগিয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)-প্রথম আলো দৃষ্টি বিতর্ক উৎসবের শেষ দিনে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেলে শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নির্বাহী সহসভাপতি (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট) মোহাম্মদ আলী চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর) আহসান-উজ জামান, দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফ চৌধুরী, যুগ্ম সম্পাদক আদনান মান্নান প্রমুখ। সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। ভবিষ্যতে চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে বিতর্ক মেলা আয়োজনের ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে।বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সাবরিনা জাহান, একই বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া বারী রানারআপ হয়। সেন্ট প্লাসিড স্কুলের ত্রিদিব সেন তৃতীয় হয়। পরে অতিথিদের কাছ থেকে বিতার্কিকেরা পুরস্কার গ্রহণ করে। গতকাল সংসদীয় বিতর্ক, জুটি বিতর্ক, প্ল্যানচেট বিতর্ক অনুষ্ঠিত হয়। এ ছাড়া বৃন্দ আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি সংগঠন প্রমা। একক আবৃত্তি করে মিলি চৌধুরী, রণজিত রক্ষিত, রাশেদ হাসান ও কুমকুম বড়ুয়া। গত শুক্রবার দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। উৎসবের আয়োজন করে বিতর্ক সংগঠন দৃষ্টি। সহযোগিতা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও প্রথম আলো।