রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির জাতিসত্তা ও সংস্কৃতির ভিত নির্মাণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের অভ্যুদয় ও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বারবার রবীন্দ্রনাথের কাছে যেতে হয়েছে এ দেশের মানুষকে। তাই তিনি এখনো এ দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক। গত সোমবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) গ্যালারিতে প্রথমা প্রকাশিত রবীন্দ্রবিষয়ক চারটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। আলোচক ছিলেন অধ্যাপক অনুপম সেন, গোলাম মুস্তাফা, কথাসাহিত্যিক হরিশংকর জলদাস ও কবি মারুফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।স্বাগত বক্তব্যে সাজ্জাদ শরিফ বলেন, ‘আমাদের জাতিসত্তা নির্মাণে যাঁদের অবদান আছে, আমরা চেয়েছি তাঁদের বুঝতে। রবীন্দ্রনাথকেও সেই কারণে স্মরণ করা। পূর্ববঙ্গের মানুষের কাছে রবীন্দ্রনাথ অনেক বড় প্রেরণার নাম। অনেক সংগ্রামের মধ্য দিয়ে তাঁকে পেতে হয়েছে আমাদের। তাই এই ভূখণ্ডে তিনি বহুকাল জীবিত থাকবেন।’আবুল মোমেন সম্পাদিত রবীন্দ্র ভ্রমণ-সাহিত্য সমগ্র নিয়ে আলোচনা করেন অধ্যাপক অনুপম সেন। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ কখনো চার দেয়ালের মধ্যে বন্দী থাকতে চাননি। তিনি যে দেশে গেছেন সে দেশের জীবন, প্রকৃতি ও মানুষকে গভীরভাবে উপলব্ধি করতে চেয়েছেন।’ভূঁইয়া ইকবাল রচিত রবীন্দ্রনাথ ও মুসলিম সমাজ বইয়ের আলোচনা করেন হরিশংকর জলদাস। তিনি বলেন, ‘লেখক তাঁর এই বইয়ে দেখিয়েছেন, রবীন্দ্রনাথের সঙ্গে মুসলমান সমাজের দূরত্ব ছিল এমন প্রচলিত ধারণা ভুল।’আবুল মোমেন রচিত রবীন্দ্রনাথ, মুসলিম মানস ও বাংলাদেশের অভিযাত্রা বইয়ের আলোচনা করেন গোলাম মুস্তাফা। তিনি বলেন, ‘পাকিস্তান গঠনের পর এই বঙ্গের মানুষ স্বতন্ত্র পরিচয় খুঁজেছেন। রবীন্দ্রনাথ তাঁদের সেই পরিচয় পেতে সাহায্য করেছেন। আবুল মোমেন তাঁর ১৫টি প্রবন্ধে সেই সত্য তুলে ধরেছেন।’আনিসুজ্জামান সম্পাদিত রবীন্দ্রনাথ, এই সময়ে বইয়ের আলোচনা করতে গিয়ে কবি মারুফুল ইসলাম বলেন, ‘রবীন্দ্রনাথ সব সময় আমাদের জীবনে প্রাসঙ্গিক থাকবেন। এ দেশের অগ্রযাত্রা বুঝতে গেলে রবীন্দ্রনাথের দিকে বারবার ফিরে তাকাতে হবে।’সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান প্রথমা প্রকাশিত চারটি বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। তিনি বলেন, ‘বলা হয়ে থাকে, মুসলমান সমাজের সঙ্গে রবীন্দ্রনাথের দূরত্ব ছিল। এই ধারণা ভ্রান্ত। তিনি মুসলমানজীবন নিয়ে খুব বেশি লেখেননি; কারণ তাঁর ধারণা ছিল, তিনি মুসলমান সমাজকে গভীরভাবে জানেন না। বাংলাদেশের অভিযাত্রায় রবীন্দ্রনাথ বারবারই প্রাসঙ্গিক হয়ে এসেছেন। তাঁকে নানাভাবে পাঠের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। প্রথমা প্রকাশিত চারটি বই রবীন্দ্রনাথ বিষয়ে আলোচনা উসকে দেবে।’অনুষ্ঠানের শুরুতে রক্তকরবীর শিল্পীরা ইউরোপে রচিত রবীন্দ্রনাথের পাঁচটি গান গেয়ে শোনান। এরপর আনিসুজ্জামানকে তাঁর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুপম সেন। তাঁকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন।