রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু একই আদর্শের মানুষ: ওবায়দুল
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু একই আদর্শের মানুষ ছিলেন। তাঁরা মানুষকে নিয়ে ভাবতেন, ভালোবাসতেন। এই আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। রবীন্দ্রনাথকে ইট-পাথরের ইমারত দিয়ে ঢেকে রাখলে চলবে না। রবীন্দ্রনাথের বৈশিষ্ট্যকে দেশ গড়ার কাজে লাগাতে হবে। তাহলেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।
সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানের আগে ওবায়দুল কাদের সকাল সাড়ে ১০টার দিকে এনায়েতপুর-শাহজাদপুর সড়ক পরিদর্শন শেষে দরগাচর এলাকায় একটি পথসভা করেন। সেখানে তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে দেশের যোগাযোগব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের কাজ শেষ হবে। একই সঙ্গে দেশের প্রতিটি দুই লেনের রাস্তা পর্যায়ক্রমে চার লেনে পরিণত করা হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত বিবিআইএন চুক্তির কাজ আগামী জুলাই-আগস্ট থেকে শুরু করা হবে। ইতিমধ্যে তিনটি দেশে এই কাজের অনুমতি হয়ে গেছে। শুধু ভুটানের পার্লামেন্টে এই কাজের অনুমতি বাদ রয়েছে। এই কাজটি শুরু হলে উত্তরবঙ্গের রাস্তার গুরুত্ব অনেক বেড়ে যাবে। সে সময় আর দুই লেনের রাস্তায় কোনো কাজ হবে না। তাই চার লেন রাস্তা নির্মাণ করতে হবে।
আগামী ঈদের সময় রাস্তায় কোনো সমস্যা হবে না—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের এবার কোনো কষ্ট হবে না। রাস্তাঘাট গত কয়েক বছরের তুলনায় এবার অনেক ভালো রয়েছে। যেটুকু সমস্যা আছে, তা ঈদের আগেই সমাধান করা হবে।