রবীন্দ্রনাথ ঠাকুর আঠারবাড়ী ভ্রমণ করেছিলেন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহের আঠারবাড়ী ভ্রমণ করেছিলেন। আঠারবাড়ীর তৎকালীন জমিদার প্রমোদ চন্দ্র রায় চৌধুরীর আমন্ত্রণে ১৯২৬ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে তিনি জমিদারবাড়ি পৌঁছান। সেখানে তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ ছাড়াও বাউল, জারি-সারিসহ এলাকার ঐতিহ্যবাহী গানের আসর বসানো হয়েছিল।সাহিত্যে নোবেল পুরস্কার লাভের শুভেচ্ছা বিনিময় ও শান্তিনিকেতনকে বিশ্বনিকেতন করে গড়ে তুলতে নৈতিক ও আর্থিক সমর্থনের লক্ষ্যে ১৯২৬ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকায় আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় এক সপ্তাহ ঢাকায় অবস্থান শেষে তিনি ময়মনসিংহ যান। রবীন্দ্র-গবেষক অধ্যাপক যতীন সরকার জানান, ১৫ ফেব্রুয়ারি কবিগুরু ময়মনসিংহ রেলস্টেশনে পৌঁছান। সেখানে কবিকে বরণমালা পরিয়ে দেন মুক্তাগাছার জমিদার মহারাজ শশীকান্ত আচার্য চৌধুরী। এ সময় উলুধ্বনি ও শঙ্খধ্বনি করা হয়। শতহস্তে পুষ্পাঞ্জলি দিয়ে বিশ্বকবিকে স্বাগত জানানো হয়। এ সময় কবির পাশে ছিলেন তাঁর পুত্র রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা দেবী, দীনেন্দ্রনাথ ঠাকুর, ইতালির অধ্যক্ষ জোসেফ তুচি প্রমুখ। সেখানে কয়েক দিন তাঁকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলা একাডেমী থেকে প্রকাশিত বাংলাদেশে রবীন্দ্র সংবর্ধনা (ভূঁইয়া ইকবাল সম্পাদিত) গ্রন্থ থেকে জানা গেছে, কবিগুরু ১৯ ফেব্রুয়ারি সকালে ময়মনসিংহ থেকে ট্রেনে চড়ে আঠারবাড়ীর উদ্দেশে রওনা দেন। সেদিন তাঁকে একনজর দেখার জন্য ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরের হাজার হাজার মানুষ ঈশ্বরগঞ্জ সদরে চলন্ত ট্রেন থামিয়ে দেন। এরপর আঠারবাড়ী রেলস্টেশনে ট্রেন থেকে নামার পর তাঁকে হাতির পিঠে চড়ানো হয়। এ সময় ঢাকঢোল পিটিয়ে অভিবাদন জানানো হয়। শত শত মানুষ জয়ধ্বনি করতে করতে তাঁকে জমিদারবাড়ির মূলফটক পর্যন্ত এগিয়ে নিয়ে যান। মূলফটকের কাছে কবিকে সোনার চাবি উপহার দেন জমিদার প্রমোদ চন্দ্র রায় চৌধুরী। ওই চাবি দিয়ে রবীন্দ্রনাথ কাচারিঘরের মূলফটকের দ্বার উন্মোচন করেন। কবির সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। পরে সেখানে বাউল, জারি-সারি, মারফতি ও পালাগানসহ এলাকার ঐতিহ্যবাহী ঘেঁটু গানের আসর বসানো হয়। এ ধরনের আয়োজন দেখে রবীন্দ্রনাথ মুগ্ধ হন। ছড়াকার-গবেষক ও জলদ সাহিত্য পত্রিকার সম্পাদক স্বপন ধর জানান, আঠারবাড়ীর জমিদার প্রমোদ রায় চৌধুরী শান্তিনিকেতনের শিক্ষার্থী ছিলেন। কবিগুরু ছিলেন তাঁর শিক্ষক। বিশ্বকবি তাঁর এই ছাত্রের আমন্ত্রণ রক্ষা করেছিলেন।