রবীন্দ্রনাথ থেকে বাংলা সাহিত্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দং ইউ ছেন
দং ইউ ছেন

চীনের রবীন্দ্র-গবেষক ও অনুবাদক দং ইউ ছেনের জন্ম ১৯৩৭-এ, উত্তর-পূর্ব চীনের জিলিন প্রদেশে। কৃষক পরিবারের সন্তান মৃত্তিকালগ্ন এ মানুষটি হয়তো রবীন্দ্রনাথের ভেতর মৃত্তিকাবর্তিতারই উপাদান খুঁজে পেয়েছেন। তাই বাংলা সাহিত্যের ইতিহাস রচনা, বঙ্কিমচন্দ্রের উপন্যাস অনুবাদের পাশাপাশি তাঁর মহত্তম কৃতি হিসেবে আমরা পাই চীনা ভাষায় ৩৩ খণ্ডে রবীন্দ্র-রচনার অনুবাদকর্ম, যা তাঁরই সম্পাদনায় ২০১৫-এর ডিসেম্বরে প্রকাশিত হয়েছে। কর্মজীবনে অধ্যাপনা করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বাংলা সাহিত্যের গবেষণাসূত্রে যুক্ত ছিলেন বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া গবেষণাকেন্দ্রে।

১৯৬০-এর দশক। সোভিয়েত ইউনিয়নের সেন্ট পিটার্সবুর্গে অবস্থিত লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যবিদ্যা বিভাগে সাড়ে পাঁচ বছর বাংলা ভাষা ও সাহিত্যে লেখাপড়া করছেন দং ইউ ছেন। এ সময়ই তাঁর হাতে এল রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নৌকাডুবি। এটি পড়ার পর তাঁর হৃদয়নদীতে যেন সৃষ্টি হলো গভীর ভালোবাসার তরঙ্গ। ভাবলেন, পড়াশোনা শেষ করে চীনে ফিরেই এই বইটির অনুবাদের কাজে হাত দেবেন। তত দিনে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আর গল্পগুচ্ছও তাঁর পড়া শেষ।

 ১৯৬৫-এর ডিসেম্বরে শিক্ষা শেষ করে দং ফিরে এলেন বেইজিং। এর মধ্যেই তিনি প্রেমে পড়ে গেছেন বাংলা ভাষার। নিত্যদিনের কাজ থেকে বাড়ি ফিরে একটু সময় বের করে মন দিয়ে পড়েন গল্পগুচ্ছ, নোট নেন আর অনুবাদ করেন। ধাপে ধাপে অনুবাদ করেন ‘মহামায়া’, ‘জীবিত ও মৃত’, ‘খাতা’ এমন প্রায় ২৫টির বেশি গল্প। এর মধ্যে হুয়া-ওন্বেন গণপ্রকাশনালয় তাঁর কাছে থেকে নৌকাডুবি উপন্যাসের অনুবাদ আহ্বান করল। প্রায় আট-নয় মাসে শেষ করেন সেটি। তারপর রবীন্দ্রনাথেরই আরেকটি উপন্যাস ঘরে-বাইরে। যদিও তাঁর সবচেয়ে ভালো লাগার উপন্যাস হলো নৌকাডুবি। দং-এর ভাষায়, ‘বাংলা ভাষায় “নৌকা” বলার সময় আমার চোখে আবেগে জল চলে আসে। আমি তাঁর উপন্যাস সম্পর্কে এক বাক্যে বলি, আমার সবচেয়ে প্রিয় উপন্যাস নৌকাডুবি। নৌকার ডুবে যাওয়ার মতোই মানুষের গভীরে ডুব দিয়ে রবীন্দ্রনাথ তাঁর কাহিনি বর্ণনা করেন সহজ-সুন্দর ভাষায়।’

উপন্যাসের পর ধীরে ধীরে রবীন্দ্র-কবিতা অনুবাদেও হাত দেন দং ইউ ছেন। অনুবাদ করেন রবীন্দ্র-নাটকও। চীনা ভাষায় রবীন্দ্রনাথের লেখার রাশি রাশি অনুবাদ সম্পন্ন হয় তাঁর হাত দিয়ে। পরে রবীন্দ্র-রচনাবলি মূল বাংলা থেকে চীনা ভাষায় অনুবাদের প্রকল্প গৃহীত হলে দংকে এ কাজের প্রধান অনুবাদক ও সম্পাদক নিযুক্ত করা হয়। পাঁচ বছর ধরে চলা এ কাজে যুক্ত ছিলেন ১৮ জন প্রবীণ-নবীন। মোট ৩৩টি খণ্ডে মূল বাংলা থেকে চীনা অনুবাদে প্রকাশিত হয় রবীন্দ্র-রচনাবলি, প্রকাশিত হয় ২০১৫-এর ডিসেম্বরে।

রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে কলকাতা থেকে দুটি বিশেষ সম্মানও লাভ করেছেন দং। ২০১০-এর ৮ মে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ডি. লিট প্রদান করে, আর একই বছরে ৯ মে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি তাঁকে ভূষিত করে ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার’-এ।

রবীন্দ্রনাথ ছাড়া আরও কয়েকজন অসামান্য বাঙালি লেখককে চীনা ভাষায় অনুবাদ করেছেন দং। যেমন, বঙ্কিমের ইন্দিরা, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, চন্দ্রশেখর, শরৎচন্দ্রের উপন্যাসিকা বড়দিদি এবং তারকনাথ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস স্বর্ণলতা। রুশ ভাষা থেকে চীনায় ভাষান্তর করেছেন মহাভারত-এর সংক্ষিপ্তসার এবং শ্রীকৃষ্ণের জীবনকাহিনি। লিখেছেন দক্ষিণ এশিয়ার কবি রবীন্দ্রনাথ শিরোনামে রবীন্দ্রনাথের একটি জীবনীও। অনুবাদের পাশাপাশি সুখ্যাত পণ্ডিত অধ্যাপক জিশিয়েনলিয়ের নেতৃত্বে প্রাচ্যসাহিত্যের ইতিহাস শীর্ষক পাঠ্যপুস্তক প্রণয়নের কাজে যুক্ত থাকার সুবাদে বাংলা সাহিত্যের ইতিহাস অংশটি প্রণয়নও করেছেন তিনি।

ভারতবর্ষের বিভিন্ন ভাষার সাহিত্য মনোযোগ দিয়ে পড়েছেন, যেমনÑ হিন্দি, পাঞ্জাবি। তবে এসব ভাষার সাহিত্যের তুলনায় বাংলা সাহিত্যকে অত্যন্ত গভীর ও বৈচিত্র্যপূর্ণ মনে হয়েছে দংয়ের।

গত বছর বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা এবং আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে যোগ দিতে দং এসেছিলেন বাংলাদেশে। সে সময় তাঁর সঙ্গে আলাপ হয় নানা বিষয়ে। তখন ৮০-ঊর্ধ্ব দং ইউয়ের মুখে ফুটে ওঠে একটি আশাবাদ, ‘আমার বয়স হয়েছে। আমি হয়তো করতে পারব না, তবে আমার তরুণ চীনা বন্ধুরা আধুনিক বাংলা সাহিত্য বিস্তৃতভাবে অনুবাদ করে চীনা পাঠককে উপহার দেবেন—এই আশা করি।’

দং প্রথম বাংলাদেশে এসেছিলেন ২০০৮ সালের জানুয়ারিতে। ছিলেন বেশ কিছুদিন। সে যাত্রায় তাঁর অধীত বাংলা ভাষা ও সাহিত্যকে নতুনভাবে অনুভবের সুযোগ লাভ করেছেন। এরপর একবার দুইবার করে বেশ কয়েকবারই তাঁর আসা হয় বাংলাদেশে। এ প্রসঙ্গে তিনি শোনালেন মজার গল্প, ‘আমার বাংলাপ্রীতি দেখে আমার দেশের কোনো কোনো বন্ধু হাসতে হাসতে আমাকে বলেছেন, “অধ্যাপক দং, আপনি বোধ হয় পূর্বজন্মে বাঙালি ছিলেন”। তাঁদের কথায় হেসে উঠি আমিও। আদতে বাংলা ভাষা-সাহিত্য এবং বাংলার মানুষ ও প্রকৃতি—সবকিছুইÑআমার খুব আপন মনে হয়।’

কেবল বাংলাদেশ নয়, রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলা ভাষার টানে দং ইউ ছেন গিয়েছেন কলকাতায়, গিয়েছেন শান্তিনিকেতনেও। তাঁর জন্মগ্রাম চীনের জিলিন প্রদেশের হুয়াইদে জেলার লৌজিয়াগানজির প্রশান্তিময় প্রকৃতির সঙ্গে নিভৃত পল্লিপ্রতিম শান্তিনিকেতনের দারুণ মিলে খুঁজে পেয়েছেন দং। বাংলাদেশের মতোই সোনার বাংলার আরেক রূপ যেন ছড়ানো এখানে। আর কালকাতার গ্রীষ্মের উত্তাপের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন চীনের শেন্‌ঝেন শহরের, যেখানে একসময় তিনি বসবাস করেছেন কর্মসূত্রে। তবে ঢাকা ও কলকাতা—এই দুই স্থানের বাঙালিকে এক করে দেখার পক্ষপাতী দং।

রবীন্দ্রনাথের মতো কাজী নজরুল ইসলাম তাঁর খুবই পছন্দের কবি। বিশেষত তাঁর ‘বিদ্রোহী’ কবিতাটি। নজরুলের সাহিত্য অনুবাদ করার ইচ্ছে আছে দংয়ের। আরও ইচ্ছে, বাংলা সাহিত্যের আধুনিক কবিদের একটি সুনির্বাচিত সংকলন চীনা ভাষায় অনুবাদ করার। যদি সুযোগ পান তাহলে বড় পরিসরে বাংলা সাহিত্যের একটি ইতিহাস লিখতে আগ্রহী তিনি।

দং ইউ ছেন বলেন, ‘চীনা জনগণের আরও বেশি মাত্রায় বাংলা শিখে এ ভাষার বইপত্র পড়া উচিত। কেন বাঙালিদের মধ্য থেকে রবীন্দ্রনাথসহ মহৎ মনীষার আবির্ভাব হয়েছে। এঁদের বুঝতে হলে বাঙালিদের লেখা বইপত্র পড়তে হবে।’

দং ইউ ছেন,চীন

জন্ম: ১৯৩৭

উল্লেখযোগ্য অনুবাদ

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য—কবিতা: ছবি ও গান, কড়ি ও কোমল, মানসী, চৈতালি, মহুয়া। নাটক: গোড়ায় গলদ, গুরু, প্রায়শ্চিত্ত, শারদোৎসব, প্রকৃতির প্রতিশোধ, গৃহপ্রবেশ, হাস্যকৌতুক। গল্পগুচ্ছ থেকে গল্প: ‘ভিখারিনী’, ‘ঘাটের কথা’, ‘ব্যবধান’, ‘গিন্নি’, ‘রামকানাইয়ের নির্বুদ্ধিতা’, ‘সম্পত্তি-সমর্পণ’, ‘একরাত্রি’, ‘জীবিত ও মৃত’, ‘সুভা’, ‘মহামায়া’, ‘খাতা’, ‘মেঘ ও রৌদ্র’, ‘দিদি’, ‘অতিথি’, ‘শুভদৃষ্টি’, ‘যজ্ঞেশ্বরের যজ্ঞ’, ‘প্রতিবেশিনী’, ‘পণরক্ষা’, ‘হৈমন্তী’, ‘ভাইফোঁটা’, ‘পয়লা নম্বর’, ‘চোরাই ধন’ ইত্যাদি। উপন্যাস: বউ-ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, ভগ্নহৃদয়। পত্রসাহিত্য: রাশিয়ার চিঠি।

এ ছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখের লেখা অনুবাদ করেছেন।

প্রধান কর্ম

চীনা ভাষায় ৩৩ খণ্ডে রবীন্দ্র-রচনাবলি সম্পাদনা।