রবীন্দ্রনাথ নিয়ে দুই দিন

রবীন্দ্রনাথ বর্ষা নিয়ে, আষাঢ়-শ্রাবণ নিয়ে লিখেছেন। তাতে ধরা পড়ে শ্রাবণ-বর্ষণের বহুমাত্রিক রূপ। তবে শ্রাবণের দিকেই কবির নজর ছিল বেশি। ‘আজ শ্রাবণের আমন্ত্রণে/ দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে’ শ্রাবণ-বর্ষণে তিনি যেন পেয়েছিলেন মুক্তির ডাক। একদিন এই শ্রাবণেই তিনি চলে গেছেন সবাইকে কাঁদিয়ে। অবশ্য কবিগুরু তাঁর কর্মে আমাদের মধ্যে বর্তমান, থাকবেন চিরদিন। তাঁর ৭৬তম প্রয়াণবার্ষিকী আসন্ন। দিনটিকে উপলক্ষে করে শ্রদ্ধা জানিয়ে গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করল বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। দুই দিনব্যাপী অনুষ্ঠানের আজ শুক্রবার ছিল প্রথম দিন।
জাতীয় সংগীত ও ‘সমুখে শান্তি পারাবার’ সমবেত গান দিয়ে ‘বর্ষণ মন্দ্রিত অন্ধকারে, এসেছি তোমারই এ দ্বারে’ শীর্ষক অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্যে সংস্থার শিল্পী তপন মাহমুদ বলেন, ‘এ অনুষ্ঠানে আমাদের বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমরা কবিগুরুকে স্মরণ করছি। অনেকে প্রশ্ন করেন, কবিগুরুকে নতুন কীভাবে উপস্থাপন করছেন? আমরা বলি, তিনি চিরনতুন। কাজেই তাঁকে নতুনভাবে উপস্থাপন করার কোনো সুযোগ নেই। কিন্তু তিনি যে এখনো প্রাসঙ্গিক ও আধুনিক, সেটাই আমরা নতুন প্রজন্মের কাছে বারবার তুলে ধরতে চাই।’
স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর। এরপর শুরু হয় কবিকে নিবেদন করে সংগীত পরিবেশনা। গাওয়া হয় ‘পুব হাওয়াতে দেয় দোলা’, ‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে’, ‘পথের শেষ কোথায়’, ‘গহন রাতের শ্রাবণধারা’, ‘এই করেছ ভালো নিঠুর হে’, ‘আমার নিশীথ রাতের বাদল ধারা’ ইত্যাদি গানগুলো। গান পরিবেশন করেন রফিকুল আলম, আব্দুল ওয়াদুদ, পিযুষ বড়ুয়া, মহাদেব ঘোষ, মামুন জাহিদ, গোলাম হায়দার, জয়ন্ত আচার্য, তনুশ্রী দীপক প্রমুখ শিল্পীবৃন্দ।
শনিবার থাকছে সংগীতানুষ্ঠান। গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় শুরু হবে অনুষ্ঠান।