রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী
রবীন্দ্রনাথ মনোজগতের কবি, বঙ্গবন্ধু রাজনীতির

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার সকালে তিনি শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপন ও পাঁচটি প্রতিষ্ঠানের উদ্বোধনী ফলক উন্মোচন করার পর রবীন্দ্রনাথের ১৫৪তম জন্মবার্ষিকীরও উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ছিলেন মানুষের মনোজগতের কবি। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন রাজনীতির কবি। মানুষের মানবিক মূল্যবোধ ও আত্মশক্তি জাগরণে রবীন্দ্রনাথের লেখা চিরকাল প্রেরণা জোগাবে বাঙালিকে। আর বঙ্গবন্ধুর আদর্শ মানুষকে রাজনৈতিক ও ব্যক্তিস্বাধীনতা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অনুপ্রেরণা দেবে।
প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটি শাহজাদপুরের মানুষের জন্য খুবই আনন্দের দিন। কারণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে যাচ্ছে। তিনি বলেন, এই প্রতিষ্ঠানে রবীন্দ্র গবেষণা ও চর্চার পাশাপাশি সাহিত্য, সংগীত, নাট্যকলা, নৃত্য ও চারুকলা, সামাজিক বিজ্ঞান, কৃষি, সমবায়, জীববিজ্ঞান, প্রযুক্তিবিদ্যাসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা দেওয়া হবে। তিনি বলেন, শাহজাদপুরে মূল ক্যাম্পাস এবং কুষ্টিয়ার শিলাইদহ ও নওগাঁর পতিসরে দুটি ক্যাম্পাস হবে।
শেখ হাসিনা বলেন, রবীন্দ্রনাথ যখন প্রথম শাহজাদপুরের জমিদারি দেখার জন্য এসেছিলেন, তখন তিনি কৃষকদের কথা বিবেচনা করে ওই সময়ে ১ লাখ ৮ হাজার টাকা খাজনা মওকুফ করে দিয়েছিলেন। তিনি ছিলেন আধুনিক চাষাবাদের প্রবর্তক। আধুনিক কৃষি যন্ত্রপাতি দিয়ে চাষাবাদের বিপ্লব তিনি পূর্ববাংলায় ঘটিয়েছিলেন। নোবেল পুরস্কারের সব অর্থ ক্ষুদ্রঋণ হিসেবে কৃষকদের মধ্যে বিতরণ করেন। এলাকার সাড়ে চার হাজার বিঘা জমি গোচারণ ভূমি গাভি পালনের জন্য কৃষকদের মধ্যে দান করে দিয়েছিলেন। যার ওপর ভিত্তি করেই শাহজাদপুরে দুগ্ধ খামার গড়ে ওঠে।
প্রধানমন্ত্রী বলেন, এলাকায় দুগ্ধশিল্প হিসেবে মিল্ক ভিটা প্রতিষ্ঠিত হয়েছে। দুগ্ধশিল্পের বিকাশে আরও সহযোগিতা করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘রবীন্দ্রদর্শনের গণতান্ত্রিকতা, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার মানবিক বিশ্বায়নের স্বপ্ন। উপনিবেশবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান আমাদের অনুপ্রেরণার উৎস। বাঙালির ওপর রবীন্দ্রনাথের প্রভাবের কারণে একসময় পাকিস্তানি শাসকগোষ্ঠী তৎকালীন পূর্ব পাকিস্তানের সরকারি গণমাধ্যমে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করে। ১৯৬১ সালে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালনের ওপরও নিষেধাজ্ঞা আসে। ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচেতন মানুষ জন্মবার্ষিকী পালন করে। ১৯১৯ সালে রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া “নাইট” উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। রবীন্দ্রনাথের এই সাহসিকতা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অথচ আমাদের দেশে কিছু ব্যক্তি (খালেদা জিয়াকে উদ্দেশ করে) হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। তারা আগুনে মানুষ পুড়িয়ে মেরেছে। সাধারণ মানুষের অধিকার হরণ করেছে। শত শত মানুষকে পঙ্গু করছে। যারা মানুষ পুড়িয়ে মারে, বাংলার মানুষ তাদের কোনো দিন ভোট দেবে না।’
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শেষ করা হবে। আইনের খসড়া চূড়ান্ত হয়েছে। আগামী সোমবার মন্ত্রিপরিষদের সভায় অনুমোদন করা হবে। আগামী সংসদ অধিবেশনে বিল আকারে উপস্থাপনের পর এটি পাস করা হবে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ওই অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ‘সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাংসদ হাসিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সংস্কৃতিসচিব বেগম আক্তারী মমতাজ।
এর আগে প্রধানমন্ত্রী ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’-এর ভিত্তিপ্রস্তর এবং নবনির্মিত সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়, সিরাজগঞ্জ ৭৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারিত কার্যক্রম, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রারের কার্যালয় ও শেখ রাসেল পৌর শিশুপার্কের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ওপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শাহজাদপুরে করতোয়া নদীর ওপর নরিনা সেতু নির্মাণের অনুমতি দেওয়ার ঘোষণা দেন।