রবীন্দ্রনাথকে নিয়ে আহমদ রফিকের তিনটি বই
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ভাষাসংগ্রামী ও রবীন্দ্র গবেষক আহমদ রফিকের লেখা তিনটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে বই তিনটির মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনা সংস্থা অন্য প্রকাশ থেকে বের হওয়া বই তিনটি হলো ‘শিশুদের রবীন্দ্রনাথ’, ‘কিশোরদের রবীন্দ্রনাথ’ এবং ‘নির্বাচিত রবীন্দ্রনাথ’।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও কবি কামাল আবদুল নাসের চৌধুরী।
অনুষ্ঠানে আলোচকেরা বলেন, রবীন্দ্রসাহিত্যের মতো রবীন্দ্রজীবনও বিচিত্র। সাহিত্যের বাইরে এক জীবনে কত-কী করেছেন তিনি, কত দেশ ঘুরেছেন। এই লেখক রবীন্দ্রনাথ, এই মানুষ রবীন্দ্রনাথকে জানা প্রয়োজন শিশু-কিশোরদের। অথচ এ ধরনের গ্রন্থ বাংলাদেশে অপেক্ষাকৃত কম। এ প্রয়োজন মেটাতেই আহমদ রফিক শিশু-কিশোরদের জন্য সহজ ভাষায় ‘শিশুদের রবীন্দ্রনাথ’ ও ‘কিশোরদের রবীন্দ্রনাথ’ নামের দুটি বই লিখেছেন। দুটি বইতেই ভিন্ন ধারায় নানা বয়সে সাহিত্য সৃষ্টিকর্মে ব্যস্ত রবীন্দ্রনাথের জীবনের সংক্ষিপ্ত রূপরেখা। রয়েছে ঠাকুর পরিবারের সদস্যসহ নানা বিশিষ্টজনের সঙ্গে রবীন্দ্রনাথ এবং ঘটনার ছবি।
‘নির্বাচিত রবীন্দ্রনাথ’ গ্রন্থটি রবীন্দ্রনাথবিষয়ক প্রবন্ধ সংকলন। গত তিন-চার দশকে রবীন্দ্রভাবনা ও রবীন্দ্রসাহিত্য সৃষ্টি সম্বন্ধে আহমদ রফিক যেসব প্রবন্ধ লিখেছেন, সেগুলো থেকে বাছাই করে বিশেষ বিশেষ প্রবন্ধগুলো এ সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। বই নিয়ে আলোচনা করেন বিশ্বজিৎ ঘোষ ও প্রাবন্ধিক ফয়জুল লতিফ চৌধুরী।