রবীন্দ্রনাথকে নিয়ে বন্ধুসভার আয়োজন

কবিগুরু রবীন্দ্রনাথের গান পরিবেশন ও কবিতা আবৃত্তি নিয়ে অন্য রকম এক বিকেল কাটল প্রথম আলো বন্ধুসভার। আজ বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেল পাঁচটায় রবীন্দ্রসংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। গান পরিবেশন করেন দেবলিনা সুর ও শতাব্দী বিশ্বাস। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন জাহীদ রেজা নূর, সুমনা বিশ্বাস, আশফাকুজ্জামান, হাসান মাহমুদ, সজীব মিয়া, শাহিন মাহফুজ, মাহমুদা আক্তার, মাহবুব পারভেজ, সুমিত পাল, বহ্নিশিখা, মোহতারিমা রহমান, হাসান সালেহ ও হুর এ জান্নাত।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান। এ অনুষ্ঠানের মাঝেই প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সংকলন ‘তারুণ্য’র চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সাহিত্যিক আনিসুল হক।