রবীন্দ্রনাথের গানে বসন্ত উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চ সেজেছে বসন্তের নানা অনুষঙ্গে। সেখানকার প্রকৃতিতেও বসন্তের মিষ্টি হাওয়া। বায়ুপ্রবাহের দুরন্তপনাও উঁকি দিচ্ছে হঠাত্ হঠাত্। বসন্তের বিকেলে গতকাল ধানমন্ডি লেকের পাশে অগণিত গাছের পাতা নাড়িয়ে দিচ্ছিল এলোমেলো হাওয়া। মঞ্চের সামনে ঘাসের ওপর দেখা গেল কিছু ঝরাপাতা। এমন পরিবেশে বসন্ত উত্সবে মেতেছিল শত দর্শক। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে ‘বসন্তোত্সব ১৪১৬’ অনুষ্ঠানটির পুরো আয়োজনে ছিল নান্দনিকতার ছাপ। আমন্ত্রণপত্রে ছিল, অনুষ্ঠান শুরু হবে পাঁচটায়। নির্ধারিত সময়ের আগেই পরিষদের শিল্পীরা হাজির হন। মেয়েদের পরনে হলুদের আভা, লালের ছটার সঙ্গে ছাপ ছাপ সবুজে শাড়ি। ছেলেদের পাঞ্জাবি, কুর্তা বা ফতুয়ার আবরণেও ছিল লাল-হলুদের চকিত আভা। ঠিক পাঁচটায় বেজে উঠল সুর। একটি ভরতনৃত্যের পরিবেশনা দিয়ে শুরু হয় বসন্ত উত্সব। নৃত্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের দ্বিতীয় পরিবেশনা ছিল সমবেত কণ্ঠে ‘আজি দখিন দুয়ার’ গানটি। এরপর সম্মিলন পরিষদের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কৃষ্টি হেফাজ আগত সবাইকে শুভেচ্ছা জানান অল্প কথায় বসন্তের বর্ণনা দিয়ে। শিল্পী নূর-ই রেজিয়া শোনালেন ‘আকাশ আমায় ভরল’ গানটি। হিমাদ্রি শেখরের ‘যে কেবল পালিয়ে বেড়ায়’ গানটির পরেই ছিল সমবেত কণ্ঠে ‘ওরে ভাই ফাগুন লেগেছে’। একে একে গাইলেন এ টি এম জাহাঙ্গীর, শুক্লা পাল, তানিয়া মান্নান, সিফায়েত উল্লাহ, নন্দিতা ইয়াসমিন, অনুপম কুমার পাল, পাপিয়া সারোয়ার, মহিউজ্জামান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও বেলায়েত হোসেন খান। বর্ষার পরই যে ঋতুটির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের সম্পর্ক তা বসন্ত। অদিতি মহসিন পরিচালিত রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের বসন্ত উত্সবে গতকাল কবিগুরুর গান গেয়ে সবাই সেই সম্পর্কের সূত্রটি উপস্থাপনের চেষ্টা করেছেন। শুরু হলো পথনাটক উত্সব‘হানো আঘাত, চূর্ণ করো মৌলবাদ’ স্লোগান নিয়ে পথনাটক উত্সবের ঘোষণা দেওয়া হলো গতকাল সোমবার। বিকেল চারটায় কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত সাত দিনব্যাপী পথনাটক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। নাট্যজন মামুনুর রশীদ বেলুন উড়িয়ে উত্সব উদ্বোধন করেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে উত্সব উদ্বোধনের ঘোষণা দেন। এরপর পথনাটক পরিষদের পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করা হয়। ঘোষণাপত্রে যুদ্ধাপরাধীদের বিচার, আদিবাসীদের ওপর হামলার বিচার, মৌলবাদের বিচার, সরকারদলীয় ছাত্রদের দখল বাণিজ্যের বিচার, দেশের তেল-গ্যাস বিদেশিদের হাতে তুলে না দেওয়ার এবং সমুদ্রসীমা নির্ধারণের দাবি জানানো হয়। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিরও সমালোচনা করা হয়। এরপর শুরু হয় বক্তব্য প্রদান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা।এরপর শুরু হয় পথনাটক প্রদর্শনী। প্রথমেই প্রদর্শন করা হয় সিলেটের নবশিখা নাট্যদলের নাটক জননী বীরাঙ্গনা। আরণ্যক নাট্যদল প্রদর্শন করে নাটক খেঁকশিয়াল। সাত্ত্বিক নাট্যসম্প্রদায় প্রদর্শন করে নাটক রসু খাঁ অথবা আমি। নাট্যদীপ পরিবেশনা করে নাটক রাজাকারের কেচ্ছা। সুবচন নাট্য সংসদ প্রদর্শন করে নাটক নরমেধ।