রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে নিউইয়র্কে সাংস্কৃতিক-সন্ধ্যা ১৪ মে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘উদয় দিগন্তে শঙ্খ বাজে’ শিরোনামে বিশেষ সংগীতসন্ধ্যার আয়োজন করা হচ্ছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস ৬৯ (পাবলিক স্কুল) অডিটোরিয়ামে ১৪ মে সন্ধ্যায় প্রকৃতি নিউইয়র্ক এ অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানে নিউইয়র্কের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।
আয়োজকেরা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাঙালির মননে ও সৃজনে জ্যোতির্ময় এক প্রতীক। বাঙালির প্রাণে চিরভাস্বর কবিগুরু। কবিগুরুর জন্মদিন বাঙালির জীবনে আনন্দ উৎসবের উপলক্ষ। বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী কবির জন্মবার্ষিকী পালন করবে হৃদয় উৎসারিত আবেগ ও শ্রদ্ধায়। আটলান্টিকের এ পারে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তীতে প্রতিবছর যোগ করেছে ‘প্রকৃতি নিউইয়র্ক’–এর নান্দনিক পরিবেশনা। প্রকৃতির এ আয়োজনের সুর বেজে ওঠে প্রবাসীর মনেপ্রাণে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।