
রবীন্দ্রনাথ জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও সাদামাটা জীবন যাপন করতেন। তাঁর লেখনীতে ফুটে উঠেছে মানবতার জয়গান। মানুষকে নিয়ে তিনি আরাধনা করতেন। তাঁর লেখায় শৈশব, কৈশোর, তারুণ্যের উচ্ছলতা খুঁজে পাওয়া যায়। ধর্ম নিয়ে তিনি বাড়াবাড়ি করতেন না। মানবধর্মকেই তিনি ভালোবাসতেন। বাংলার ষড়ঋতুকে ভালোবেসে তিনি লিখেছেন গদ্য ও পদ্য। তাই তো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও তিনি মৃত্যুঞ্জয়ী।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আয়োজিত ‘মানুষের ধর্ম: রবীন্দ্রনাথ ও সমকালীন প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা তাঁর সম্পর্কে এসব কথা বলেন।
সিলেট ও মৌলভীবাজারে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবিকে স্মরণ করে নানা সংগঠন।
গতকাল বিকেল সাড়ে চারটায় কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কবিগুরুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, লেখক ও প্রাবন্ধিক শান্তিরঞ্জন ভৌমিক, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদার, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন ভূঁইয়া।
সন্ধ্যায় নগরের ফরিদা বিদ্যায়তনে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে কবিগুরুকে নিয়ে কথা বলেন সংগঠনের সভাপতি চিকিত্সক মল্লিকা বিশ্বাস।
বিশ্বকবির জন্মজয়ন্তী পালন করেছে সিলেটের গীতবিতান বাংলাদেশ। সন্ধ্যা সোয়া সাতটায় সংগঠনের পরিচালক অনিমেষ বিজয় চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে ‘কবি-প্রণাম’ শীর্ষক এ অনুষ্ঠান শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে সংগঠনের সদস্যরা ‘হে নতূন’ গান পরিবেশন করেন। সম্মিলিত রবীন্দ্রসংগীত পরিবেশনার পর গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। বিভিন্ন পরিবেশনায় অংশ নেন শিল্পী রানা কুমার, সুমনা আজিজ, আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, শামীমা চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সৈয়দ আনজুম ইভান ও শর্মিলা দাশ।

এ উপলক্ষে কমলগঞ্জে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিকেল পাঁচটায় কমলগঞ্জ উপজেলা সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান। আলোচনার ফাঁকে ফাঁকে শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। তা ছাড়া লেখক ও প্রভাষক শাহজাহান মানিক রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন।
রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল বিকেলে বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে নজরুল একাডেমি বড়লেখা শাখা। এতে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি দীপক নন্দী। একাডেমির উপদেষ্টা মসরুর আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। আলোচনা করেন পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান, সাধারণ সম্পাদক মিলন দে, সংগীতশিল্পী ঝুমা আচার্য প্রমুখ। পরে একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা এবং সিলেট, মৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিনিধি)