রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম ছিল মহাসমুদ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসাম্প্র্রদায়িক। তিনি সমাজ ও মানুষকে দেখেছেন ভিন্ন দৃষ্টিতে। সাহিত্যের প্রতিটি শাখায় বিচরণ করেছেন সার্থকভাবে। তাঁর সৃষ্টিকর্মে তিনি ছিলেন এক মহাসমুদ্র। গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত শনিবার থেকে দুই দিনব্যাপী রবীন্দ্র মেলার আয়োজন করা হয়। মেলার শেষ দিন গতকাল সকাল ১০টায় বাংলা বিভাগের সেমিনার কক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বিষয়ের ওপর সেমিনারের আয়োজন করা হয়। অধ্যাপক খালেদ হোসাইনের সভাপতিত্বে সেমিনারে বিষয়ের ওপর আলোচনা করেন কবি আহমেদ রফিক ও ফাদার মারিনো রিগন। এ ছাড়া বিকেলে সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় ‘কবিকণ্ঠে কবিতা-পাঠ’। সন্ধ্যায় একই স্থানে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে সাংস্কৃতিক সংগঠন আনন্দন। এ ছাড়া ছায়ানটের পরিবেশনায় গান এবং নাগরিক নাট্য সম্প্রদায় পরিবেশন করে নাটক অচলায়তন।