রবীন্দ্রনাথের সেই খাতা হস্তান্তর
নওগাঁর জেলা প্রশাসকের ট্রেজারিতে রাখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত পতিসর কৃষি ব্যাংকের শত বছরের পুরোনো দুর্লভ হিসাব খাতাটি জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত সোমবার দুপুরে নওগাঁর জেলা প্রশাসক মো. এনামুল হক ও পুলিশ সুপার মো. কাইয়ুমুজ্জামান খান আনুষ্ঠানিকভাবে ৪৬ পৃষ্ঠার লেজার খাতাটি জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাবুদ্দিন খানের হাতে তুলে দেন৷
কৃষি ব্যাংকের ওই হিসাব খাতাটি নিয়ে ৮ মে প্রথম আলোতে ‘অবহেলায় রবীন্দ্রনাথের নোবেলের অর্থের হিসাব-খাতা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ তাতে বলা হয়, ২০০৯ সালের ৮ মে খাতাটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তরের পরেও তা জেলা ট্রেজারিতে অবহেলায় পড়ে আছে৷
নওগাঁর জেলা প্রশাসক মো. এনামুল হক জানান, বিষয়টি জানতে পেরে সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সিদ্ধান্ত হয়, খাতাটি জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে সংরক্ষণ করা
হবে। মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্ত অনুসারে এই হস্তান্তরের ব্যবস্থা করা হয়৷