রবীন্দ্রনাথের ৭৩তম মৃত্যুদিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশে কালো মেঘের আনাগোনা। ঝরঝর বৃষ্টি নামে ক্ষণে ক্ষণে। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় প্রিয় ছিল এসব বাদলা দিন। প্রিয় ঋতুতেই তাঁর মহাপ্রয়াণ। আজ ২২ শ্রাবণ। কবিগুরুর ৭৩তম মৃত্যুদিবস। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে ইহজাগতিক সম্পর্ক চুকিয়ে তিনি লোকান্তরিত হন।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অতুলনীয় প্রতিভায় বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যের মর্যাদায় আসীন করেছিলেন। ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান। আধুনিক বাঙালির রুচির নির্মাতা হিসেবে মনে করা হয় তাঁকে। কাব্য, সংগীত, প্রবন্ধ, নাটক, উপন্যাস, গল্প, ভ্রমণকাহিনি, শিশুতোষ রচনাসহ সাহিত্যের শাখা তাঁর প্রতিভাস্পর্শে স্বর্ণময় উজ্জ্বল হয়ে উঠেছে। তাঁর এসব কালজয়ী রচনা মানবতার জয়গানে চিরভাস্বর হয়ে আছে। চারুশিল্পেও তিনি যোগ করেছিলেন নতুনতর মাত্রা।
সৃজন ও মননশীলতার পাশাপাশি সমাজ সংস্কার, শিক্ষাবিস্তার, কৃষি উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজেও তিনি অনন্য ভূমিকা রেখেছেন। বিশেষত এই বাংলায় শাহজাদপুর ও নওগাঁর পতিসরে তিনি কৃষকদের কল্যাণে ক্ষুদ্রঋণব্যবস্থা প্রবর্তন করেছিলেন। অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন কর্ম ও জীবনাদর্শে।
কবিগুরুর শারীরিক উপস্থিতি না থাকলেও বাঙালির চিন্তা-চেতনা ও মানসে তিনি প্রতিমুহূর্তেই নিবিড়ভাবে জড়িয়ে আছেন। আজও বাঙালি তার আনন্দ, উৎসব, বেদনা, বিষণ্নতায় রবীন্দ্রনাথের অজস্র বিচিত্র রচনায় খুঁজে পায় আপনাপন হৃদয়ানুভূতি। সেখান থেকে লাভ করে সংকট উত্তরণের সাহস, এগিয়ে যাওয়ার প্রেরণা, মঙ্গলকাজে আত্মনিয়োগের উদ্দীপনা, দুঃখের সান্ত্বনা। তাঁর গান আমাদের জাতীয় সংগীত।
বরাবরের মতোই এবারও জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করবে কবিকে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বাংলা একাডেমি বিকেল চারটায় তাদের কবি শামসুর রাহমান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল আয়োজন করেছে নানা অনুষ্ঠানের।