রবীন্দ্রময় বৈশাখের শেষ বিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখের শেষ বিকেলে রবীন্দ্রময় হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম আর জীবনদর্শন নিয়ে শুরু হয়েছিল আলোচনা। কথার রেশ কাটতে না-কাটতেই গান আর নাচে প্রাণচঞ্চল মঞ্চ।গতকাল শুক্রবার বিকেলে কবিগুরুর ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটমণ্ডলে রবীন্দ্র একাডেমি এ আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। রবীন্দ্র একাডেমির সহসভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে প্রথম পর্বে আলোচনা করেন শামসুল আলম সাঈদ, অধ্যাপক শফি আহমেদ, শাহেদ রহমান, সৌমিত্র শেখর ও আফরোজা পারভীন।সুরবিহারের শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত ‘কবে আমি বাহির হলেম’ ও ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এর পরই ছিল নৃত্য। স্পন্দন নৃত্যগোষ্ঠীর শিল্পীরা ‘আনন্দলোকে মঙ্গলালোকে’, ‘নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায়’ ও ‘দারুণ অগ্নিবাণে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। একক কণ্ঠে অনিমা রায় ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’, ‘চক্ষে আমার তৃষ্ণা’ গান দুটি পরিবেশন করেন। এরপর শামা রহমান, আজিজুর রহমান ও হিমাদ্রি শেখর ‘তুমি কি কেবলই ছবি’, ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে, ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান। অনুষ্ঠানে কবিগুরুর ‘জাপান যাত্রা’ থেকে পাঠ করেন হায়াত সাঈদ ও ‘ছিন্নপত্র’ পাঠ করেন নুসরাত শারমিন।চার তরুণের চিত্রকর্মঢাকা আর্ট সেন্টারের গ্যালারি সেজেছে চার তরুণ শিল্পীর আঁকা ছবিতে। তাঁরা সবাই প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন চারুকলায়। বুলবুল একাডেমি অব ফাইন আর্টস থেকে ড্রয়িং ও পেইন্টিংয়ের ওপর পাঁচ বছরের ডিপ্লোমা করেছেন উত্তম কুমার রায়, খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) থেকে এমএফএ করেছেন সোহেল রানা এবং আওলাদ হোসেন ও ফারজানা আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ করেছেন।ঢাকা আর্ট সেন্টার কর্তৃপক্ষ যখন নবীন চিত্রশিল্পীদের খুঁজছিল স্টুডিও ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য, তখন তাঁরাও আবেদন করেন। প্রাথমিকভাবে নির্বাচিত ২০ জনের মধ্য থেকে এই চারজনই নির্বাচিত হয়েছেন। গত ২৬ এপ্রিল থেকে তাঁরা স্টুডিওতে কাজ করছেন। গতকাল তাঁরা নিজেদের আঁকা ছবিগুলো উপস্থাপন করেন।বিকেলে এই প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী মুর্তজা বশীর, মনিরুল ইসলাম, শিশির ভট্টাচার্য্য, নিসার হোসেনসহ আরও অনেকে।ঢাকা আর্ট সেন্টারের পক্ষ থেকে শিল্পী নিসার হোসেন জানান, প্রতিবছর মোট ১৬ জন স্টুডিও ব্যবহারকারী শিল্পীর চিত্রকর্ম নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। নবীন শিল্পীদের এই কাজে সেন্টারের পক্ষ থেকে একজন প্রবীণ শিল্পী প্রয়োজনীয় পরামর্শ এবং মতামত দিয়ে সহযোগিতা করবেন। এ পর্বে পরামর্শক হিসেবে আছেন জাপান-প্রবাসী শিল্পী মো. ইকবাল।ছায়ানটের ‘ভাষার আলাপ’ ছায়ানট সংস্কৃতি সাধনার ভেতর দিয়ে সমাজের গঠনমূলক বিকাশে দৃঢ়ভাবে কর্মমগ্ন রয়েছে। সাংস্কৃতিক সাক্ষরতা ও সংস্কৃতির বিকাশের নানাবিধ কার্যক্রমের সঙ্গে ছায়ানট এবার যুক্ত করেছে ‘ভাষার আলাপ’ নামের পাঠ ও বাচনিক চর্চার সুনির্দিষ্ট কর্মসূচি। গতকাল ছায়ানট সংস্কৃতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ভাষার আলাপ কার্যক্রমে অংশ নেবেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-যুবাসহ আগ্রহী সচেতন বয়স্কজন। পারস্পরিক অংশগ্রহণমূলক বা বিনিময়পদ্ধতির আলোকে পরিচালিত হবে এর পাঠক্রম। ১০ মাস মেয়াদি প্রতি আবর্তনে ৫০ জন অংশ নিতে পারবেন। সপ্তাহে এক দিনে দুটি বৈঠকে সম্পন্ন হবে ভাষার আলাপ। এ পাঠক্রমে অন্তর্ভুক্ত থাকবে ভাষাপরিচয়, ভাব-রস-ছন্দ-রীতি, ধ্বনিপরিচয়, বর্ণপরিচয়, প্রমিত উচ্চারণ ও প্রয়োগ, সন্ধি-সমাস, বানানের নিয়ম-অনুশীলন ইত্যাদি। এ ছাড়া নিবিড় অধ্যয়নের আওতায় থাকবে দেশজ নানা গীত-আখ্যানের নির্বাচিত অংশসহ রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, মোহনলাল গঙ্গোপাধ্যায়, রানী চন্দ, প্রমথ চৌধুরী, কাজী আবদুল ওদুদ, দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখ মনীষীর নির্বাচিত রচনাপাঠ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সন্জীদা খাতুন, আবুল হাসনাত, কামালউদ্দিন, সিদ্দিক বেলাল প্রমুখ।ঢাকার ৪০০ বছর‘বুড়িগঙ্গা ঢাকার প্রাণ, একে আমরা বাঁচাবই’ স্লোগান নিয়ে দুই বছর ধরে চলছে রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তির অনুষ্ঠান। ঢাকা আমার ঢাকা আয়োজিত ধারাবাহিক অনুষ্ঠানের অংশ হিসেবে ঢাকার ইতিহাস ও ঐতিহ্যকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে ঢাকার ঐতিহাসিক দুর্লভ আলোকচিত্র এবং শিশুদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনী ‘আমার স্বপ্নের ঢাকা’।প্রদর্শনীর উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। ঢাকার ৪০০ বছর পূর্তি উৎসব নাগরিক কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শফিক আলম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। প্রদর্শনী ১৮ মে পর্যন্ত খোলা থাকবে।