রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়ার সম্মেলন
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলনের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক সাধন ঘোষ। জেলা শাখার সভাপতি আলম আরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখার সভাপতি ও কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী ও শিশু সংগঠক আশরাফ উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক সাহা। সম্মেলনে ২১ সদস্যবিশিষ্ট জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। কমিটিতে আলম আরা সভাপতি ও অশোক সাহা সাধারণ সম্পাদক হন।
সকালে জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় জেলা পর্যায়ের কিশোর বিভাগ এবং সাধারণ বিভাগের রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা হয়। সন্ধ্যায় সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা হয়।