রবীন্দ্রসরণির সড়ক বিভাজকে শতাধিক অস্থায়ী দোকান
উত্তরা মডেল টাউনের রবীন্দ্রসরণির সড়ক বিভাজকে গড়ে উঠেছে শতাধিক অস্থায়ী দোকান। সেক্টরের বাসিন্দাদের অভিযোগ, বিভাজকের ওপর এসব অস্থায়ী দোকানের ফলে যত্রতত্র পড়ে থাকছে ময়লা-আবর্জনা। নষ্ট হচ্ছে আবাসিক পরিবেশ। সন্ধ্যার পর সৃষ্টি হচ্ছে যানজট।
সরেজমিনে দেখা যায়, ৩ ও ৫ নম্বর সেক্টরের মধ্যে থাকা রবীন্দ্রসরণির আজমপুর বাসস্ট্যান্ড থেকেই বিভাজকের ওপর অবৈধ দোকান বসানো হয়েছে। ভ্যানগাড়ির ওপর, কাঠের চৌকিতে, বাঁশ পুঁতে মাচা তৈরি করে এবং কার্টনের বাক্সে হরেক রকম পণ্য দিয়ে সাজানো হয়েছে দোকান। এর মধ্যে বিভিন্ন বয়সের নারী এবং বাচ্চাদের কাপড়ের দোকানই বেশি। আছে গয়না ও অলংকারের দোকান। দেখে মনেই হবে না এটি সড়ক বিভাজক, যেন পুরোদস্তুর মার্কেট। তা ছাড়া দোকানগুলোতে দেওয়া হয়েছে অবৈধ বৈদ্যুতিক সংযোগ। তারগুলোও এলোমেলো, ঝুঁকিপূর্ণ। বিভাজকে থাকা গাছগুলোতেও ইচ্ছেমতো পেরেক গেঁথে রাখা হচ্ছে জিনিসপত্র।
বিভাজকে থাকা এসব দোকানে সারা দিন তেমন ভিড় না থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা থেকে বাড়তে থাকে ক্রেতাদের সংখ্যা। তখন বিভাজকের নিচে মূল সড়কে দাঁড়িয়েই চলে কেনাকাটা, দরদাম। ফলে সৃষ্টি হয় যানজট।
উত্তরা ৫ নম্বর সেক্টরের বাসিন্দা আবিদ হাসান বলেন, বিকেলের পর এই পথে চলাচল করাই যায় না। সন্ধ্যার সময় এখানে কেনাকাটা করতে লোকজনের সংখ্যা বাড়ে। তখন মানুষ রাস্তায় দাঁড়িয়েও কেনাকাটা এবং দামাদামি করে আর যানজটের সৃষ্টি হয়।
দোকানগুলোতে দেওয়া হয়েছে অবৈধ বৈদ্যুতিক সংযোগ। ঝুঁকিপূর্ণভাবে তারগুলো ঝুলছে এদিক-সেদিক। যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। বিভাজকের ওপর এসব অস্থায়ী দোকানে বৈদ্যুতিক সংযোগের বিষয়ে সেখানকার একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা হলে একেকজন বিভিন্ন ধরনের কথা বলেন। কেউ বলেন, ডেসকোর লোকজন ম্যানেজ করে সংযোগ নিয়েছেন। যেখানে দোকানপ্রতি মাসে ৩০০ টাকা দিতে হয়। আবার অনেকেই পাশের মার্কেটগুলো থেকে ম্যানেজ করে সংযোগ নেওয়ার কথা জানান।
বিভাজকে ভ্যানগাড়ি দিয়ে দোকান বসানো সারোয়ার মিয়া জানান, এখানে বসতে হলে স্থানীয় নেতাদের অনুমতি নিয়ে বসতে হয়। তা ছাড়া লিমাগাড়ি (পুলিশের টহলগাড়িকে) দোকানপ্রতি দৈনিক ২০ টাকা দিতে হয়। স্থানীয় নেতাদের নাম জানতে চাইলে তিনি সে বিষয়ে কিছু বলতে চাননি। বিভাজকের ওপর দোকান বসানোর বিষয়ে ঢাকা উত্তর ট্রাফিক বিভাগের আজমপুরের ট্রাফিক পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন উচ্ছেদ করতে যাই, তখন সরে যায়। পরে আবার চলে আসে।’ বিভাজকের দুপাশটা কাঁটাতার দিয়ে আটকে দিলে ভালো হয় বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা।