রবীন্দ্রসরোবরে তিন দিনব্যাপী নবান্ন উৎসব
নবান্ন উৎসবকে শহরবাসীর মাঝে ছড়িয়ে দিতে রাজধানীতে তিন দিনব্যাপী নবান্ন উৎসবের আয়োজন করা হচ্ছে। ৩০ নভেম্বর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে তিন দিনব্যাপী এ উৎসব শুরু হবে।
রাজধানীর মধ্যবাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আজ সোমবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নগরবাসীর মাঝে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের আমেজ ছড়িয়ে দিতেই আরএফএল গ্রুপ ‘প্রাণ চিনিগুঁড়া চাল নবান্ন উৎসব’ এই উৎসবের আয়োজন করবে।
সংবাদ সম্মেলন থেকে বলা হয়, নবান্নের এই আয়োজনে থাকছে নাচ, গান, পুতুলনাচ, নাগরদোলা, পুঁথিপাঠ, বায়োস্কোপ, গাজীর কিচ্ছা, পালকি, লাঠিখেলা, সাপের খেলা ও বানরনাচ। পাশাপাশি রবীন্দ্রসরোবরে বসবে বাহারী পিঠার ৩২টি স্টল।
প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত সব শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে অংশগ্রহণ করতে পারবে। উৎসবের সাংস্কৃতিক পর্বে ফকির আলমগীর, কুদ্দুস বয়াতি, ফকির শাহাবউদ্দিন, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদারসহ অনেকে গান পরিবেশন করবেন।
সংবাদ সম্মেলনে বঙ্গ মিলারস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ আজাদ, ক্যাটাগরি ম্যানেজার মো. মুস্তাফিজুর রহমান ও শোবিজ এন্টারটেইনমেন্টের নির্বাহী পরিচালক মেহেদি হাসান উপস্থিত ছিলেন।