রবীন্দ্র-দর্শন ছড়িয়ে দিতে কাজ করেছেন শুভ্রা মুখার্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ছড়িয়ে দিতে শুভ্রা মুখার্জি কাজ করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর গণপূর্ত অধিদপ্তর মিলনায়তনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির স্মরণসভা ও বিশেষ প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুভ্রা মুখার্জি রবীন্দ্রসংগীত গাওয়ার পাশাপাশি কবির নৃত্যনাট্যও পরিবেশন করেছেন। এ জন্য ভারতের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ঘুরেছেন ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে। কবিগুরুর গান ও নৃত্যনাট্যের দর্শনকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেন গীতাঞ্জলি নাট্যদল। তিনি বলেন, ‘শুভ্রা মুখার্জি সংস্কৃতমনা ছিলেন। তাঁর স্বামী যখন ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন, তখন তিনি একটি তানপুরা ও হারমোনিয়াম সঙ্গে নিয়েছিলেন।’
মাহমুদ আলী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ভারতে অবস্থানকালে প্রণব মুখার্জি ও শুভ্রা মুখার্জির সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বাংলাদেশের জনগণের সুখ, শান্তি ও সম্প্রীতির জন্য প্রণব মুখার্জি ও শুভ্রা মুখার্জির সহযোগিতা ও অবদান খুবই গুরুত্বপূর্ণ।’
খুলনা বিভাগীয় সমিতি-ঢাকার সভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে স্মরণসভায় শুভ্রা মুখার্জির আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ প্রার্থনা করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে শুভ্রা মুখার্জির ছোট ভাই কানাইলাল ঘোষ তাঁর বোনের স্মৃতিচারণা করেন।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, খুলনা বিভাগীয় সমিতি-ঢাকার সাধারণ সম্পাদক বি এম সেলিম রেজা, অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম মিঠু প্রমুখ।
শুভ্রা মুখার্জি ২০১৫ সালের ১৭ আগস্ট ভারতে পরলোকগমন করেন। তাঁর জন্ম ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর, নড়াইলের ভদ্রবিলায়।