রমজান আসতেই বাজার চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কোথাও বন্যা হয়নি, অতিবৃষ্টিতে ফলস নষ্টও হয়নি, ট্রাক ভাড়াও স্বাভাবিক। তবু বেগুনের কেজি এখন মানভেদে ৭০ থেকে ৯০ টাকা। রমজান মাস সামনে রেখে কারণ ছাড়াই বাড়ানো হয়েছে পণ্যটির দাম।
অথচ, গত বছর রমজানের আগে টানা রাজনৈতিক অস্থিরতায় সারা দেশ থেকে ঠিকভাবে সবজিবাহী ট্রাক ঢাকায় আসতে পারেনি। তখন ট্রাক ভাড়াও বেড়ে যায়। কিন্তু তখনো রমজানের আগের দিন ঢাকায় বেগুন বিক্রি হয় ৬০ টাকায়।
কেন এই বেগুনের দাম বাড়ল?—কারওয়ান বাজারের খুচরা ও আড়ত ঘুরে কোনো সদুত্তর মিলল না। অথচ ঢাকার বাইরে বগুড়ায় কৃষকেরা ২৩ থেকে ২৫ টাকায় বেগুন বিক্রি করেছেন। সেই বেগুন ঢাকায় বিক্রি হয়েছে তিন গুণেরও বেশি দামে।
শুধু বেগুন নয়, ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা দুই দিনেই ৫ থেকে ১০ টাকা বেড়ে এখন মানভেদে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দামও বেড়েছে পাঁচ টাকা।
সারা দিন রোজা রাখার পর রোজাদারেরা রাতে যে মাছ কিংবা মাংস দিয়ে ভাত খাবেন তা-ও কঠিন হয়ে গেছে। কারণ, দাম বেশ চড়া। আবার তারা আয়েশ করে যে সবজি খাবেন, তা আরও কঠিন। বেশির ভাগ সবজির কেজি ৫০ টাকার ওপরে।
প্রতিবছরের মতোই রমজানে কম দামে পণ্য খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। এ জন্য ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠকও করে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু কোনো ফল হয়নি। বেশির ভাগ পণ্যের দামই ক্রেতার হাতের নাগালে নেই। ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল, রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না বলে ব্যবসায়ীরা তাদের আশ্বস্ত করেছেন। কিন্তু এর পরও রমজানের আগের দিন বেশির ভাগ নিত্যপণ্যের দাম ঠিকই বেড়ে গেছে। ব্যবসায়ীরাও তাদের সে কথা রাখেননি।
আর সরকারের ভরসা টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি। যদিও বাজার চাহিদার মাত্র ৩ থেকে ৪ শতাংশ পণ্য নিয়ে যে বাজারে প্রভাব ফেলা সম্ভব নয়, তা স্বীকার করে টিসিবিও।
যোগাযোগ করা হলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ গত রাতে প্রথম আলোকে বলেন, ‘নিত্যপণ্যের বাজার খুব একটা বাড়েনি। তেল-চিনির দাম স্থিতিশীল। ছোলার দামও স্বাভাবিক আছে। তবে সমস্যা হয়েছে কাঁচাবাজারে। মানুষ বেশি করে কিনতে যাওয়ায় বেগুন ও মরিচের মতো পণ্যের দাম বেড়ে গেছে। দেখবেন এটা দু-এক দিনের মধ্যে কমে যাবে।’ খুচরা পর্যায়ে ছোলার দাম বেড়েছে জানালে সচিব বলেন, ‘এটা পাড়ার দোকানগুলোতে হয়েছে। বড় বাজারের দোকানে এভাবে দাম বাড়েনি।’
সবজির বাজার গরম: রমজানে মূল্যবৃদ্ধি ঠেকাতে সম্প্রতি কাঁচামরিচ, বেগুন, শসা, লেবু ও ধনেপাতার রপ্তানি নিষিদ্ধ করে মন্ত্রণালয়। কিন্তু রপ্তানি নিষিদ্ধ হওয়ার পরও এসব পণ্যের দাম বৃদ্ধি ঠেকানো যায়নি।
বগুড়ার মহাস্থান বাজারে গতকাল এক কেজি বেগুন বিক্রি করে কৃষক পেয়েছেন ২৫ টাকা। পাশের নওগাঁর ভান্ডারপুর বাজারে গোল বেগুন বিক্রি করে কৃষক পেয়েছেন ২৩ টাকা। এই গোল বেগুন কয়েক হাত ঘুরে ঢাকায় পৌঁছেই বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। আর লম্বা বেগুন ৮০ থেকে ৯০ টাকায়। অথচ এক কেজি বেগুন ঢাকা পর্যন্ত পৌঁছাতে পরিবহন খরচ মাত্র দেড় টাকা।
ঢাকার পাইকারি ব্যবসায়ী ও আড়তমালিকেরা বলেছেন, তাঁরা ৫০-৬০ টাকায় বেগুন বিক্রি করেছেন। বেশি দামে বেগুন বিক্রি হওয়ার জন্য খুচরা বিক্রেতারা দায়ী। আর খুচরা বিক্রেতারা বলছেন, তাঁরা এই বেগুন কিনেছেন ৬০ থেকে ৭৫ টাকায়। সে কারণে তাঁদের বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।
মহাস্থান বাজারে গতকাল পাইকারিতে প্রতি কেজি কাঁচামরিচ ৩৮ টাকায় বিক্রি হয়েছে। অথচ ঢাকার বাজার ঘুরে প্রতি কেজি কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কয়েক দিন আগেও মরিচ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা কেজি।
ঢাকায় এক কেজি শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। আর বগুড়ায় পাইকারিতে শসা বিক্রি হয়েছে ৩০ টাকায়।
বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। ঢাকার পাইকারি ব্যবসায়ীরাই খুচরা বিক্রেতাদের কাছে এটি বিক্রি করেছেন ২৪ থেকে ৩০ টাকায়। বরবটির দাম ৫০ টাকা, যা পাইকারিতে বিক্রি হয় ৩২ থেকে ৪০ টাকায়। অর্থাৎ প্রতিটি সবজির ক্ষেত্রেই খুচরা বিক্রেতারা মুনাফা করেছেন ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত।
বাজারে লেবুর হালি এখন ২০ থেকে ২৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৫ থেকে ৪০ টাকা পর্যন্ত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা প্রথম আলোকে বলেন, ‘মোড়কজাত পণ্যের দাম বেশি নেওয়া হলে আমরা সেসব দোকানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি, নিচ্ছিও। প্রতিদিনই বাজারে আমরা অভিযান চালাচ্ছি। কিন্তু খোলা এবং পচনশীল পণ্যের ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না।’
রসুন-পেঁয়াজ-আলুর উল্লম্ফন: বাজারে গত শুক্রবারও প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে। সেই পেঁয়াজের দর গতকাল ছিল ৪০ থেকে ৪২ টাকা। ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ টাকায়। এই পেঁয়াজের দর ছিল ৩০ থেকে ৩২ টাকা।
গত ১৭ জুন ভারত প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য ১৫০ ডলার থেকে দ্বিগুণ করে ৩০০ ডলার নির্ধারণ করে। এর প্রভাবেই বাজারে পেঁয়াজের দাম বেড়েছে বলে পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকেরা বলছেন। আর আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে গেলে ব্যবসায়ীরা সুযোগ বুঝে দেশি পেঁয়াজের দামও বাড়িয়ে দেন।
বাজারে দেশি রসুন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহ খানেক আগেও এর দাম ছিল ৫০ থেকে ৮০ টাকা। আর চীনা রসুনের দাম এখন ৭৫ থেকে ৯০ টাকা। এর দাম ছিল ৭৫ থেকে ৮০ টাকা।
আলুর দামও বেড়ে গেছে। এক কেজি আলুর দাম ২৪ টাকা। দুই দিন আগেও আলু বিক্রি হয়েছে ২০ টাকায়। অবশ্য কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা আলু বিক্রি করেছেন ১৯ থেকে ২০ টাকায়। অর্থাৎ প্রতি কেজি আলুতে খুচরা বিক্রেতারা লাভ করছেন পাঁচ টাকার মতো।
অন্যান্য: বাজারে সাধারণ মানের প্রতি কেজি খোলা খেজুর ১২০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেটজাত খেজুরের দর ২০০ থেকে ৫০০ টাকা। মরিয়ম ও প্রিমিয়াম নামের খেজুরের দাম অবশ্য অনেক বেশি। এই খেজুর কিনতে খরচ হবে ৬০০ থেকে ৭৫০ টাকা।
ক্রেতাদের জন্য অবশ্য খানিকটা সুখবরও আছে। গত বছরের মতো এবারও রোজাদারদের ভোগান্তির কারণ হচ্ছে না চিনি আর ভোজ্যতেল। দুটি পণ্যই আগের দামেই বিক্রি হচ্ছে।
শেষ মুহূর্তে তোড়জোড়: ব্যবসায়ীরা বারবার আশ্বাস দিয়েও নিত্যপণ্যের দাম বাড়িয়েছেন। ১৪টি তদারক দল বাজার অভিযানে নামিয়েছে, পণ্যমূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দিয়েছে। কিন্তু কোনো নির্দেশই দাম আটকে রাখতে পারেনি। বাজারের দোকান ঘুরে মূল্যতালিকার দেখাও মেলে খুব কম।
গতকালও মন্ত্রণালয়ে বাণিজ্যসচিবের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃত্রিমভাবে বাজার অস্থিতিশীল করলে জড়িতদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি সরকারের নির্দেশনা অমান্য করবেন, তাঁদের লাইসেন্স ও নিবন্ধন সাময়িকভাবে বাতিল এবং পণ্য বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন বাণিজ্যসচিব।