রমজান আসার আগেই ছোলার দাম চড়া
রমজান শুরু হওয়ার আগেই খুচরা ও পাইকারি বাজারে ছোলার দাম বেড়েছে। ইফতারির অন্যতম এই উপকরণের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। মূল্যবৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারি বিক্রেতাদের। পাইকারি বিক্রেতারা দোষ চাপাচ্ছেন আন্তর্জাতিক বাজারের ওপর।
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কয়েক দিন আগেও ছোলার দাম ছিল কেজিপ্রতি ৭০ থেকে ৭৫ টাকা। এখন প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। এই অবস্থায় ১৫ মে থেকে টিসিবি খোলাবাজারে স্বল্পমূল্যে ছোলা, তেল, চাল, আটাসহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রির প্রস্তুতি নিয়েছে।
কারওয়ান বাজারে শাহ মিরোন জেনারেল স্টোরের বিক্রেতা মো. লিটন বললেন, কিছুদিন ধরে ছোলার বাজার চড়া। কিছুদিন আগে তাঁরা ৫০ কেজি ছোলার প্রতিটি বস্তা কিনেছেন ৩ হাজার ৭৫০ টাকায়। সেই বস্তা এখন কিনতে হচ্ছে ৩ হাজার ৯০০ টাকায়। কেজিতে তিন টাকা বেড়েছে। এর সঙ্গে আছে পরিবহন খরচ। এ জন্য সব মিলিয়ে তাঁরা এখন ছোলার কেজি বিক্রি করছেন ৮৫ টাকায়।
লিটন ছোলা কিনেছেন পাইকারি দোকান জনতা স্টোর থেকে। সে দোকানের স্বত্বাধিকারী আবুল খায়ের বলেন, ‘প্রতি বস্তা ছোলা ৩ হাজার ৯০০ টাকায় বিক্রি করছি। আমার লাভ সামান্য। বস্তাপ্রতি মাত্র ৫০ টাকা লাভ করছি।’ তাঁর দাবি, আন্তর্জাতিক বাজারে ছোলার দাম বেড়েছে। তাই তাঁদের বেশি দামে কিনতে হচ্ছে। আর এ জন্যই তিনি বেশি দামে বিক্রি করছেন।
শাহজালাল জেনারেল স্টোরের বিক্রেতা হৃদয় জানান, রোজা সামনে। অনেকে আগাম ছোলা কিনে নিয়ে যাচ্ছেন। তাই ছোলার দাম বেড়েছে।
আজিমপুরের বাসিন্দা আমিনুল কবির কিনছিলেন ছোলা। তিনি অভিযোগ করেন, রোজা আসার আগেই ছোলার দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। রোজা শুরু হলে এই দাম আরও বাড়তে পারে—এই আশঙ্কায় তিনি আগাম ছোলা কিনে নিয়ে যাচ্ছেন। তাঁর ভাষ্য, কয়েক দিন আগেও বাজার করার সময় ছোলা প্রতি কেজি ৭৫ টাকায় বিক্রি হচ্ছে বলে শুনেছেন। রমজান উপলক্ষে দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘অন্য দেশে দেখেছি উৎসবের সময় পণ্যের দাম কমে। আর আমাদের দেশে উল্টো। উৎসব এলেই এখানে নির্লজ্জভাবে দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’
তেজগাঁও এলাকার বাসিন্দা মইনুল হক বলেন, ছোলার দাম তো বেড়েছেই। সঙ্গে মুগ ডাল, চিনি ও অন্যান্য দ্রব্যের দামও বেড়েছে। এখনই সরকারকে কঠোর নজরদারি করার আহ্বান জানান এই ক্রেতা।