রমজান উপলক্ষে কুমিল্লার বাজারে উত্তাপ
রমজান সামনে রেখে কুমিল্লার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। শাকসবজি, মাছ ও মুরগির দাম এক দিনের ব্যবধানে কেজিতে ২০ থেকে ১০০ টাকা করে বেড়েছে। বাড়ছে অন্যান্য পণ্যের দামও। গত বুধবার নগরের রাজগঞ্জ ও নিউমার্কেটে গিয়ে ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে দাম বাড়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
বুধবার সকালে রাজগঞ্জ বাজারে এক কেজি শসা ৫০ টাকা, টমেটো ৮০, বেগুন ৬০, আলু ২৫, ধনেপাতা ২৫০, কালো মোটাকৃতির কাঁচা মরিচ ১৬০ ও লাউ ৫০ টাকায় বিক্রি হয়েছে। অথচ গত সোম ও মঙ্গলবারও এসব সবজি কেজি প্রতি ২০ টাকা কমে পাওয়া যেত। এ ছাড়া নিউমার্কেটে এক কেজি ছোলা ৬০ টাকার পরিবর্তে ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার মাছের বাজার ছিল আগুন। কাতল মাছ কেজিপ্রতি ১০০ টাকা, মলা ১৫০, ট্যাংরা ২০০, তেলাপিয়া ৩০ ও বোয়াল মাছ ২০০ টাকা করে বেড়েছে।
রাজগঞ্জ মাছের বাজারে কথা হয় ঠিকাদার মো. হান্নানুর রহমান ও ব্যবসায়ী কাউসার ভূঁইয়ার সঙ্গে। তাঁরা বলেন, মাছের দাম বাড়তি। বিক্রেতা অন্যান্য দিনের তুলনায় দাম বেশি হাঁকাচ্ছেন। রমজান উপলক্ষে তাঁরা দাম বাড়িয়ে দিয়েছেন।
রাজগঞ্জ বাজারের অন্তত তিনজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোজা এলে দাম বাড়ে, এটা নতুন কিছু নয়। সারা বছরের মন্দাভাব রমজানকে কেন্দ্র করে পুষিয়ে নেওয়া হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, কোনো অবস্থাতেই দাম বাড়ানো যাবে না। বাজার মনিটরিং কমিটি এ ব্যাপারে ব্যবস্থা নেবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।