রমজান উপলক্ষে মুড়ি ভাজার ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান উপলক্ষে ইফতারের অন্যতম খাবার মুড়ি ভাজার ধুম পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।
ছোলা ও মুড়ি গ্রামবাংলায় ইফতারের প্রধান দুটি উপাদান। রোজার সময় হাটবাজারে ছোলা ভাজা পাওয়া গেলেও বাড়িতে মুড়ি ভাজার রেওয়াজ এখনো রয়েছে। গত দুই দিন উপজেলার বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, বৃষ্টি উপেক্ষা করেই বাড়ি বাড়ি মুড়ি ভাজা চলছে।
উপজেলার ধানগড়া ইউনিয়নের বুলাকিপুর গ্রামের শিক্ষক ইসমাইল হোসেন বলেন, বাড়িতে ভাজা মুড়ির স্বাদই আলাদা। শুধু রোজায় নয় সারা বছর খাওয়ার জন্য মুড়ি ভাজা হয়। তবে এ সময় মুড়ির চাহিদা বেড়ে যায়। ধানগড়া এলাকার সাবিহা মাহবুবা লুৎফা জানান, মুড়ি ভেজে অন্য বোনদের বাড়ি বাড়ি পাঠাতে হয়। তাই প্রতিবছর রোজা সামনে রেখে মুড়ি ভাজতে হয়। এ জন্য মুড়ি ভাজতে পটু মহিলাদের এ সময় কদর বেড়ে যায় বলে তিনি জানান। এক কেজি চালের মুড়ি ভাজতে ৮ থেকে ১০ টাকা মজুরি দিতে হয় বলে তিনি জানান।
মুড়ি ভাজতে পটু ধানগড়া গুচ্ছগ্রামের মল্লিকা বেগম বলেন, ‘সারা বছর মুড়ি ভাজার প্রয়োজন না পড়লেও অনেকেই রোজার সময় মুড়ি ভাজার জন্য আমাদের ডাক দেন। দামাদামি নয় খুশি হয়ে যে যা দেন তাই নেই।’ হাওয়া বেগম নামের আরেকজন মুড়ির কারিগর বলেন, ‘ধারণা না থাকলে মুড়ি ভালো হয় না বলে আমাদের দিয়ে রোজার আগে অনেকে মুড়ি ভেজে নেন।’
স্মৃতি হাতড়ে ধানগড়া এলাকার প্রবীণ নূরভানু বেগম জানান, এখন তো বাজার থেকে চাল নিয়ে এসেই মুড়ি ভাজা যায়। আগে মুড়ির জন্য আলাদা ধান রাখা, সেটা সেদ্ধ করা ও মুড়ি ভাজার কাজ বাড়ির বউ-ঝিকেই করতে হতো। কষ্ট হলেও সবাই একসঙ্গে করত বলে উৎসব উৎসব মনে হতো। ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গাজী মোশারফ হোসেন সরকার বলেন, বাজারের মুড়িতে নানা রকম জিনিস মেশায় বলে তাই বাড়িতে মুড়ি ভাজে। বাড়িতে ভাজা মুড়ির স্বাদের তুলনা হয় না। তবে এ রেওয়াজ ভবিষ্যতে কত দিন চলবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।