রমজান উপলক্ষে র্যাডিসন ব্লুতে 'ফাস্ট ফিয়েস্টা'
পবিত্র রমজান মাস উপলক্ষে ‘ফাস্ট ফিয়েস্টা ২০১৭’ নামে ইফতার ও কেনাকাটার উৎসবের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রামের পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ। রমজানের প্রথম দিন থেকে এ উৎসব চলবে।
গতকাল সোমবার সকালে র্যাডিসন ব্লু হোটেলের মেজবান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় হোটেল কর্তৃপক্ষ। এতে বক্তব্য দেন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হুমায়ুন বখত ও মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হোটেল লবিতে থাকবে ‘রমজান বাজার’। এতে ২৪টি স্টল থাকবে। পবিত্র রমজানের ৩০ দিন সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এ বাজার থেকে পছন্দের পোশাক ও রকমারি পণ্য কিনতে পারবেন অতিথিরা।
হোটেলের এক্সচেঞ্জ রেস্তোরাঁয় নৈশভোজসহ ইফতারের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ২ হাজার ৯৫০ টাকা। ছয় বছরের বেশি এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য জনপ্রতি ১৪৭৫ টাকা। এ ছাড়া করপোরেট ইফতারের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১ হাজার ২০০ টাকা।
গতকালের সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন উৎসবের সহযোগী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক গজনিব চৌধুরী, আরএসআরএমের ব্র্যান্ড ম্যানেজার সোবহান বিন হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার ওমর ফারুক, দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর, পিটুপি ফ্যামিলির বিজনেস হেড মোহাম্মদ মাজহারুল হক ও ইগলু আইসক্রিমের আঞ্চলিক ব্যবস্থাপক (বিক্রয়) মো. হাবিবুর রহমান।