চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠেয় শেরপুর পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রচার শুরু করেছেন। তাঁরা পৌর শহরের বিভিন্ন সড়কের মোড়ে এবং দর্শনীয় স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করেছেন।
গত সোমবার বিকেলে সরেজমিনে শহরের বিভিন্ন স্থান ঘুরে বর্তমান মেয়র হুমায়ুন কবীর, তরুণ শিল্পোদ্যোক্তা আনিসুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান এবং জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ রেজার বিলবোর্ড দেখা গেছে।
আওয়ামী লীগ ও বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনকে উপলক্ষ করে শেরপুর পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর এবারও দলীয় মনোনয়ন পেতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ইতিমধ্যে তিনি রমজান মাস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইফতার মাহফিলে নিজেকে আগামী নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। শেরপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়াও বিভিন্ন অনুষ্ঠানে পৌর নির্বাচনে মেয়র পদে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
পাশাপাশি মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে আওয়ামী লীগের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আবদুস সামাদের ভাতিজা আনিসুর রহমান। এ ছাড়া আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান এবং সাংসদ ফাতেমাতুজ্জুহুরা শ্যামলীর ভাই শ্রমিক নেতা আরিফ রেজা।
পৌর নির্বাচনকে সামনে রেখে ‘ঈদ রাজনীতিতে’ আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করলেও বসে নেই বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আবদুর রাজ্জাক।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আতিউর রহমান বলেন, বিষয়টি নিয়ে এ মুহূর্তে তাঁরা কিছু ভাবছেন না।
জেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান বলেন, তফসিল ঘোষণা না করা হলেও আগামী ডিসেম্বর মাসে নির্বাচন কমিশন থেকে পৌর নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।