রমজান ঘিরে রকমারি সবজি চাষের ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের চাষি মাসুদ রানাকে (৪৫) গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর ২০ শতাংশ জমিতে সবজির চাষ করতে দেখা যায়। জমি পরিচর্যায় তিনি দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। একটু কথা বলতে চাই, জানাতেই চটপট করে তিনি খেতের আলে উঠে আসেন।জানালেন, রমজান মাসে সবজি বাজারে তুলতে পারলে দাম বেশি পাওয়া যায়, তাই খেতের অতিরিক্ত যত্ন নিচ্ছেন। এতক্ষণ গাছের গোড়ালি ঠিকঠাক করে দিচ্ছিলেন। যাতে এক গাছ আরেক গাছের ওপর হেলে না পড়ে। রমজান মাসে নতুন শাকসবজির চাহিদা থাকে প্রচুর। আর তাতে দামও পাওয়া যায় অনেক বেশি।তাই বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাসুদ রানার মতো অনেক চাষি রমজান মাসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নতুন শাকসবজি বাজারে তুলতে কোমর বেঁধে মাঠে নেমেছেন। এখন কুমড়া, লাউ, বেগুন, চিচিঙ্গা, ঝিঙে, ঢ্যাঁড়স, করলা, শসা, ডাঁটা, লালশাক, পুঁইশাক, মুলাসহ বিভিন্ন ধরনের শাকসবজির চাষ হচ্ছে।উপজেলার বিভিন্ন মাঠে গেলে এখন চোখে পড়ে আকাশে প্রখর রোদ উপেক্ষা করে চাষিরা খেত পরিচর্যায় নেমে পড়েছেন। কেউ দাঁড়িয়ে কোদাল মারছেন তো কেউ বসে বসে পাচন ঠেলছেন, কেউ আবার খেতের আগাছা পরিষ্কার করছে।উপজেলার হরিপুর গ্রামের কৃষক আমিনুল ইসলাম (৪০) জানান, রমজান মাসে শাকসবজি তোলা গেলে তার চাহিদা বেশি থাকায় দামও বেশি পাওয়া যায়। সেই চিন্তা মাথায় রেখেই তিনি এবার তাঁর জমিতে কুমড়া, লালশাক, ও কাঁচা মরিচের চাষ করছেন। প্রতিটি কুমড়া তিনি গড়ে আট টাকা করে বিক্রি করছেন। কিন্তু অন্য সময় এ কুমড়া পাঁচ টাকার বেশি কখনোই বিক্রি করা যায় না বলে জানালেন। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, এ উপজেলার কৃষকেরা অত্যন্ত কৌশলী। তাঁরা জানেন কখন কী ফসল চাষ করে লাভবান হওয়া যায়। রমজান মাস ঘিরে উপজেলার অনেক কৃষক সবজি চাষে নেমে পড়েছেন।