প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত বাজার তদারকি জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক সম্মেলন-২০১১-এর উদ্বোধনকালে এ নির্দেশ দেন। তিনি বলেন, রমজান মাসের আগে বাজার স্থিতিশীল রাখতে নিত্যপণ্যের মজুদের বিরুদ্ধে তদারকি জোরদার করতে হবে। তাহলে পবিত্র রমজানের বাড়তি চাহিদার সুযোগ নিয়ে কেউ নিত্যপণ্যের দাম বাড়াতে পারবে না। খবর বাসস ও ইউএনবির।শেখ হাসিনা বলেন, মাঠপর্যায়ের প্রশাসকেরা সরকার ও জনগণের মধ্যে সেতু হিসেবে কাজ করেন। প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণের জানমালের নিরাপত্তা দিতে পূর্বপ্রস্তুতি গ্রহণ করতে হবে। এ প্রসঙ্গে তিনি আশ্রয়কেন্দ্রগুলো দ্রুত নির্মাণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নের তাগিদ দেন। শেখ হাসিনা মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মাদক, জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিদ্যালয়গুলোতে খাদ্য কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েছি। স্থানীয় জনগণের সহায়তা ছাড়া সরকারের একার পক্ষে এ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হবে না।’ প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথাও উল্লেখ করেন। তিনি আশ্রয়ণ প্রকল্পের অধীনে গৃহহীনদের জন্য খাসজমিতে গৃহ নির্মাণের নির্দেশ দিয়ে বলেন, খাসজমি না পাওয়া গেলে ব্যক্তিমালিকানাধীন জমি কিনতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে কর প্রদানে, খাদ্য উৎপাদন বৃদ্ধিতে এবং প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে উৎসাহিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়মিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ সম্মেলনে ৬৪টি জেলার জেলা প্রশাসক এবং সাতটি বিভাগের কমিশনাররা উপস্থিত ছিলেন।