রমজান মাস, স্মৃতিচারণায় ঢাবি ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমা নিয়ে প্রতিবছর মুসলমানের জীবনে চিরশান্তির বার্তা নিয়ে আসে পবিত্র রমজান। প্রতিবছরই রমজান মাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নানা আমেজ কাজ করে। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় সব আমেজ, আনন্দঘন পরিবেশ বন্ধ। ভাইরাস মোকাবিলায় ঘরবন্দী দিন কাটাচ্ছেন ক্যাম্পাসের শিক্ষার্থীরা। অতীতে ক্যাম্পাসে রমজান মাস কাটানো কিছু আবাসিক শিক্ষার্থীর স্মৃতিচারণা নিয়েই এ প্রতিবেদন।

এনামুল হক, জিয়াউর রহমান হল

রমজান মাসে ক্যাম্পাসের স্মৃতি রোমন্থন ও ক্যাম্পাসে সবাই সুস্থভাবে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করে এনামুল হক বলেন, ‘পবিত্র এ মাসে বন্ধুত্বের সম্পর্কগুলো হয়ে ওঠে আরও রঙিন, শান্তি আর সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ হই প্রতিদিন। পরিবারের সঙ্গে ইফতার করার মধ্যে যেমন আবেগ ও ভালোবাসা থাকে, তেমনি ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে ইফতারের মুহূর্তগুলোর মধ্যেও লুকিয়ে থাকে অশেষ ভালোবাসা। করোনাঝুঁকির জন্য বাড়িতে থাকায় সেই ভালোবাসা বড্ড মিস করছি। ক্যাম্পাসে শত শত ছেলেমেয়ে দল বেঁধে ইফতার করে। একসঙ্গে ইফতার করার এই আমেজ বহুদূর প্রসারিত হয়ে স্মৃতির মণিকোঠায় জমা থাকে। আজ সেই স্মৃতির পাতা খুলে বসে আছি। ভীষণ ইচ্ছা করলেও আজ ফিরে যাওয়ার পথ নেই। তবে ক্যাম্পাস খুললে সবাই সুস্থভাবে ফিরে আসুক, এটাই চাওয়া। পরেরবার সব ভালোবাসা দ্বিগুণ করে শোধ করব।’

সাবরীনা নোভা, বেগম রোকেয়া হল

সবাইকে নিয়ে আবারও একসঙ্গে ইফতার করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘প্রথম বর্ষের শুরু থেকেই হলে আছি। হল লাইফে সাহরি ও ইফতারে আলাদা একটা আমেজ আছে। হল গেটে ইফতারের সাজানো পসরা থেকে পরিচিত কতিপয় মিলে চাঁদা উঠিয়ে হল মাঠে, কিংবা ক্যাম্পাসের চিরপরিচিত জায়গায় বসে ইফতার করা। সবাই একসঙ্গে লাইন ধরে ক্যানটিনে সাহরি খাওয়া, কিংবা রুমে রান্না করে সাহরির আয়োজন করা ছিল প্রতিটি রমজানের চিত্র। দুঃখের বিষয়, করোনাভাইরাসের কারণে এ বছর হচ্ছে না। ইফতার আয়োজনের সামনে আসলেই গত বছর বন্ধুবান্ধবদের সঙ্গে কাটানো ইফতারের মুহূর্তগুলো মনে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আজও হয়তো প্রিয় মানুষগুলোর সঙ্গে এক টেবিলে বসা হতো। এবারের রমজান এমন এক সময়ে এসেছে, যখন অস্বাভাবিক এক প্রাণঘাতী মহামারিতে গোটা পৃথিবী কাতর, মানবজাতি বিশ্বময় তটস্থ। তাই পরিস্থিতি বিবেচনায় নিজেদের স্বার্থে এই রমজানের শুরু থেকেই বাড়িতে থাকা হচ্ছে। বাড়িতে সবার সঙ্গে মিলে সবকিছু করা হলেও হল লাইফের বিশেষ বিশেষ ক্ষণ এলেই মিস করছি। ইফতার, সাহরি নিয়মমাফিক থাকবে, কিন্তু থাকবে না আগের মতো চঞ্চলতা, সতেজতা, আনন্দ। হয়তো ইফতারে হবে না বাইরের খাবারের জমজমাট আয়োজন। হয়তো রুমের সবাই মিলে তারাবিহর নামাজ পড়া হবে না। জানি না আবার দেখার সুযোগ হবে কি না, সেই পুরোনো রূপের রোজা!!’

নাজমুস ’সাদাত, মাস্টার দা সূর্য সেন হল

মিস করলেও পরিস্থিতিকে মেনে নিতে হবে উল্লেখ করে নাজমুস সা'দাত বলেন, ‘রহমত, মাগফিরাত আর নাজাতের মাস হচ্ছে মাহে রমজান। এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল বলে মুসলমানদের জন্য রমজান মাসের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। প্রতিবারই কোনো না কোনো নতুন জায়গায় মাহে রমজানের রোজা পালন করার সুযোগ হয়।’

নাজমুস সা’দাত বলেন, ‘গত বছর ঢাবিতে হলে থেকে রোজা পালনের অভিজ্ঞতা অর্জন হয়। সাহরি খাওয়ার সময়ের প্রতিযোগিতার কথাগুলো মনে পড়ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে না গেলে খাবার না পাওয়ার ভয়, ইফতারের আগে কোনো না কোনো সংগঠনের ইফতার অনুষ্ঠানে গিয়ে হাজির হওয়া (অবশ্যই দাওয়াতসহ), কোনো দিন রুমের সবাই মিলে রুমে বসে মজা করে ইফতার করা কিংবা হলের মাঠে কয়েকজন মিলে ইফতার করার মজাটাই ছিল অন্য রকম। মহামারির কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় এবার সে সুযোগ হচ্ছে না। খুব টানে দিনগুলো। মহামারি না থাকলে অবশ্যই আরও নতুন কিছু অভিজ্ঞতা লাভ করতে পারতাম। তবে বাস্তবতাও মেনে নিতে হবে। আশা করি, আগামী বছর বেশ আনন্দঘন পরিবেশে ক্যাম্পাসে ইফতার করতে পারব।’

মো. শরিফুল ইসলাম, সার্জেন্ট জহুরুল হক হল

ক্যাম্পাসে ফেরার আকুতি নিয়ে শরিফুল ইসলাম বলেন, ‘আমি যত দ্রুত সম্ভব ক্যাম্পাসে ফিরতে চাই। গত বছরের ইফতারির আমেজ আর একসঙ্গে ইফতার করার দিনগুলি ভীষণ মিস করছি। বাসায় বসে শুধু পুরোনো স্মৃতিগুলো বেশ মনে পড়ছে। পুরান ঢাকায় গিয়ে সাহরি করা কিংবা হলের ছাদে বসে ইফতারি করা হচ্ছে না বলে খারাপ লাগছে। আশা করি দ্রুত প্রিয়জনদের সঙ্গে প্রাণের ক্যাম্পাসে দেখা হবে।’

মেহেরুন নাহার, শামসুন্নাহার হল

সবার সুস্থতা কামনা করে মেহেরুন নাহার বলেন, ‘ক্যাম্পাসে থাকলে ভালো সময় যেত। গত বছর ভালোভাবেই দিনগুলো কাটিয়েছি। এবার পরিবারের সঙ্গে রমজান মাস কাটালেও তেমন আমেজ নেই। প্রিয় মুখগুলোর কথা প্রতিনিয়ত মনে পড়ছে। মহামারিতে ভালো থাকুক সবাই, সেই সঙ্গে সেরে উঠুক পৃথিবীর অসুখ।’

শাহরিয়ার শিবলী, বিজয় একাত্তর হল

গত বছর রমজানের কাটানো সময়গুলো নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে শাহরিয়ার শিবলী বলেন, ‘ভাগ্যের নির্মম পরিহাস! সবকিছু ঠিক থাকলে ক্যাম্পাসে প্রতিদিন কোনো না কোনো হলে গিয়ে ইফতারি করতাম। সাহরির সময় বন্ধুবান্ধবদের ঘুম থেকে জাগিয়ে দিতাম। করোনার প্রাদুর্ভাবের কারণে ক্যাম্পাস বন্ধ বলে এবার তা হচ্ছে না। পুরোনো দিনগুলো হয়ে গেছে সোনালি স্মৃতি। সারা দিন রোজা পালন শেষে সন্ধ্যায় ইফতারের আয়োজন করার ব্যস্ত সময়গুলো মিস করি। চিন্তা থাকত, ক্লাস ও পরীক্ষা শেষে কবে বাসায় ফিরব! বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে সবাই সচেতন থাকুন। সবার মঙ্গল কামনা করি। আশা করি আগামী বছর প্রাণের নগরীর প্রাণের ক্যাম্পাসে আবারও ব্যস্ততা ফিরবে।’

*লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। [email protected]