আসন্ন রমজান মাসে নগদ টাকা পরিবহনে ঝামেলা এবং চাঁদাবাজদের উৎপাত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা। এ জন্য তাঁরা ব্যাংক এলাকায় নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ পাহারা ও সাদা পোশাকে পুলিশ মোতায়েনের দাবি জানান।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ব্যাংক কর্মকর্তারা এ দাবি জানান। জবাবে পুলিশ কমিশনার মো. আবুল কাশেম ব্যাংক কর্মকর্তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, বাণিজ্যিক এলাকায় পুলিশের টহল জোরদার করা হবে। পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকেও সার্বক্ষণিক নজরদারি থাকবে।সভায় অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান বলেন, ‘কয়েক দিন ধরে বিভিন্ন ব্যাংকে “জনযুদ্ধের” নামে চাঁদা চেয়ে ফোন করা হচ্ছে। এতে আমরা আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’ডাচ্-বাংলা ব্যাংকের এভিপি বোরহান উদ্দিন বলেন, নগদ টাকা বহন করা একটা বড় সমস্যা। রাস্তায় যানজটের কারণে বাণিজ্যিক এলাকা থেকে টাকা নিয়ে শিল্প এলাকায় যেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। এতে যাওয়ার পথে যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।কারও ফোনে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘কেউ চাঁদা দাবি করলে তার সঙ্গে কথা বলবেন। রাগ করে ফোন কেটে দেবেন না। তাদের কথা রেকর্ড করবেন। আমরা তা তদন্ত করব।’ তিনি সাদা পোশাকে পুলিশ মোতায়েনের বিরোধিতা করে বলেন, এতে পুলিশের নামে অন্য কারও অপরাধ করার সুযোগ সৃষ্টি হবে। তখন সাদা পোশাকের পুলিশও গণপিটুনির শিকার হতে পারে। এখন কে ছাত্র আর কে ডাকাত, তা চেহারা দেখে বোঝা যাচ্ছে না। তাই ইউনিফর্ম পরেই পুলিশ নগরে টহল জোরদার করবে। তিনি রমজান মাসে নিরাপত্তার জন্য ব্যাংকগুলোতে লাঠি রাখার পরামর্শ দিয়ে বলেন, ‘কেউ অযথা ঝামেলা করলে তাদের লাঠি দিয়ে পেটাবেন। মামলার বিষয়টি আমরা দেখব।’ ব্যাংকের পাহারাদারেরা বন্দুক চালাতে পারে কি না, তাদের সঙ্গে ডাকাত দলের সম্পর্ক আছে কি না, এসব খতিয়ে দেখতে তিনি ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।সভায় চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ, কোতোয়ালি বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদ, ডবলমুরিং বিভাগের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বক্তব্য দেন।